ঢাকা | বঙ্গাব্দ

ফের ‘না ভোট’ দেওয়ার সুযোগ পাচ্ছেন ভোটাররা

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবার কোনো আসনে একক প্রার্থী থাকলে ভোটাররা তাকে ‘না’ ভোট দেওয়ার সুযোগ পাবেন। তবে সব আসনে নয়, শুধু একক প্রার্থীর ক্ষেত্রেই এই বিধান কার্যকর হবে।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ আগস্ট, ২০২৫
ফের ‘না ভোট’ দেওয়ার সুযোগ পাচ্ছেন ভোটাররা ছবি : সংগৃহীত।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবার কোনো আসনে একক প্রার্থী থাকলে ভোটাররা তাকে ‘না’ ভোট দেওয়ার সুযোগ পাবেন। তবে সব আসনে নয়, শুধু একক প্রার্থীর ক্ষেত্রেই এই বিধান কার্যকর হবে।

এছাড়া জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় এবার সশস্ত্র বাহিনীও যুক্ত হয়েছে, ফলে ইসি চাইলে সেনা, নৌ ও বিমানবাহিনীকেও নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবহার করতে পারবে।

বর্তমান কমিশনের নীতিতে ইভিএম ব্যবহার বন্ধ থাকায় এবার আরপিও থেকে ইভিএম-সংক্রান্ত সব বিধানই বাতিল করা হয়েছে।

সংসদীয় নির্বাচনে অনিয়ম হলে ইসি চাইলে পুরো আসনের ফলাফল বাতিল করতে পারবে। নির্বাচন কর্মকর্তারা দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা আরপিওতে যুক্ত করা হয়েছে। এ ছাড়া, মনোনয়নপত্রে মিথ্যা তথ্য দিলে প্রার্থিতা বাতিলসহ এমপি পদও বাতিল হতে পারে।

সোমবার (১১ আগস্ট) নির্বাচন কমিশনের নবম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বৈঠক শেষে কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষণের সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকতে পারবেন, তবে গণনা শুরুর পর পুরো সময়টিই থাকতে হবে—মাঝপথে বের হওয়া যাবে না।

সংশোধিত প্রস্তাবগুলো চূড়ান্ত করে আগামী সপ্তাহে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকারের অনুমোদন পেলে সংশোধনগুলো অধ্যাদেশ আকারে জারি করা হবে।

thebgbd.com/NA