ঢাকা | বঙ্গাব্দ

নেতানিয়াহু পথ হারিয়েছেন

সোমবার নিউজিল্যান্ড ইঙ্গিত দিয়েছে, তারাও অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও বৃটেনের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।
  • অনলাইন ডেস্ক | ১৩ আগস্ট, ২০২৫
নেতানিয়াহু পথ হারিয়েছেন ক্রিস্টোফার লুক্সন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন বুধবার বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘পথ হারিয়ে ফেলেছেন’। পাশাপাশি গাজায় যুদ্ধ চালানোর বিষয়ে নেতানিয়াহু অনেক বাড়াবাড়ি করছেন বলেও অভিযোগ করেন তিনি। ওয়েলিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।


প্রধানমন্ত্রী লুক্সন বলেন, ‘গাজায় যা ঘটছে তা একেবারেই, একেবারেই ভয়াবহ।’ লুক্সন অস্বাভাবিকভাবে স্পষ্টবাদী হয়ে বলেন, ‘নেতানিয়াহু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। আমার মনে হয় তিনি পথ হারিয়ে ফেলেছেন।’ তিনি বলেন, ‘নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শুনছেন না, যা একেবারেই অগ্রহণযোগ্য।’


সোমবার নিউজিল্যান্ড ইঙ্গিত দিয়েছে, তারাও অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও বৃটেনের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, ‘নিউজিল্যান্ড কিছুদিন ধরেই স্পষ্ট করেছে যে, ফিলিস্তিনি রাষ্ট্রকে আমরা স্বীকৃতি দেবো কিনা তা নয়, বরং কবে দেবো সেটাই মূল বিষয়।’ তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ড এই মুহূর্তে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে কিনা এবং যদি দেয়, তাহলে কখন ও কীভাবে দেবে, সে বিষয়ে মন্ত্রিসভা সেপ্টেম্বরে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে।’


সূত্র: এএফপি


এসজেড