ঢাকা | বঙ্গাব্দ

পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে: প্রধান উপদেষ্টা

অধ্যাপক ইউনূস মৎস্য খাতের অপার সম্ভাবনা বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্ব দেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ আগস্ট, ২০২৫
পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে: প্রধান উপদেষ্টা ফাইল ছবি

মানুষের কল্যাণে পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 


অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, মৎস্যচাষী, উদ্যোক্তা ও গবেষকরা অংশ নেন।


উদ্বোধনী ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, ‘মৎস্য খাতের অবদানের জন্য আমাদের প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে। প্রকৃতি- প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে।’


তিনি বলেন, ‘পরিবেশবান্ধব চাষাবাদ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে এ খাতকে সমৃদ্ধ করা সম্ভব।’


তিনি বলেন, আমরা নদী শাসনের কথা বলি, পালনের কথা বলি না। নদীতে বর্জ্য দিচ্ছি, বিষ দিচ্ছি। মৎস্য সপ্তাহে যেন পানির কথা না ভুলি। আমরা আজকের দিনে প্রকৃতির প্রতি বিনয়ী হওয়ার শপথ নিই।  


অধ্যাপক ইউনূস মৎস্য খাতের অপার সম্ভাবনা বিশেষ করে গভীর সমুদ্রে মৎস্য আহরণের সুযোগকে কাজে লাগানোর ওপর বিশেষ গুরুত্ব দেন।


অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পুরস্কার বিজয়ীদের হাতে জাতীয় মৎস্য পদক ২০২৫ তুলে দেন।


মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে দেশব্যাপী প্রদর্শনী, কর্মশালা ও আলোচনা সভার মাধ্যমে চাষাবাদে আধুনিক প্রযুক্তি, মাছের রক্ষণাবেক্ষণ এবং বাজারজাতকরণ সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে।


এবারের মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য-‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’।


মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মৎস্য সপ্তাহের মূল লক্ষ্য প্রকৃতির সুরক্ষা, স্থানীয় উৎপাদন বাড়ানো, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং দেশের পুষ্টি নিরাপত্তায় অবদান রাখা।


thebgbd.com/NIT