ইউক্রেনের ‘নিরাপত্তা নিশ্চয়তা’ নিয়ে বিস্তারিত আলোচনা করতে বুধবার বৈঠকে বসতে যাচ্ছেন ন্যাটোর সামরিক প্রধানরা। ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ অবসানে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই বৈঠক করা হবে। এদিকে কূটনৈতিক প্রচেষ্টার এই সময়ে বুধবার রুশ বাহিনী নতুন করে ইউক্রেনে ভূমি দখলের দাবি করেছে এবং ইউক্রেনীয় কর্মকর্তারা মস্কোর ক্ষেপণাস্ত্র হামলায় আরও হতাহতের খবর জানিয়েছেন।
ব্রাসেলস থেকে এএফপি জানায়, ন্যাটোর ৩২টি সদস্য দেশের সামরিক প্রধানদের ভার্চুয়াল বৈঠকের বিষয়ে খুব কম তথ্যই জানা গেছে। বৈঠকটি স্থানীয় সময় আড়াইটায় শুরু হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন শীর্ষ কর্মকর্তা ড্যান ক্যাইন, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান এবং ইউরোপীয় সামরিক প্রধানদের সঙ্গে ‘ সম্ভাব্য ইউক্রেন শান্তি চুক্তির জন্য সেরা বিকল্প’ নিয়ে আলোচনা করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। এর তিন দিন আগে তিনি আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেন।
সূত্র: এএফপি
এসজেড