ঢাকা | বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে কোন পদে কত জন লড়ছেন?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ আগস্ট, ২০২৫
ডাকসু নির্বাচনে কোন পদে কত জন লড়ছেন? ছবি : সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তালিকা প্রকাশ করেন।


প্রাথমিক তালিকা অনুযায়ী, ডাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৮ জন প্রার্থী বৈধভাবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। এর মধ্যে ভিপি পদের জন্য ৪৩ জন ছাত্র এবং ৫ জন ছাত্রী; জিএস পদে ১৮ জন ছাত্র ও একজন ছাত্রী এবং এজিএস পদে ২৪ জন ছাত্র ও ৪ জন ছাত্রী রয়েছেন। ডাকসু নির্বাচনে এবার মোট ২৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।


চিফ রিটার্নিং অফিসার জানান, মোট ৪৬২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৪০২ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী। তবে বিভিন্ন ত্রুটির কারণে ৪৭ জনের প্রার্থীতা স্থগিত করা হয়েছে। ভুল ভোটার নম্বর, নামের অসঙ্গতি, রেজিস্ট্রেশন নম্বরে ভুল, বাবা-মায়ের নাম ভুল, স্বাক্ষর ত্রুটি ইত্যাদি কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে এসব প্রার্থী ২৩ আগস্ট পর্যন্ত আপিল করতে পারবেন, পরে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত জানানো হবে।


বিভিন্ন সম্পাদক ও সদস্য পদের প্রার্থী সংখ্যা:


মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক: ১৫ জন (ছাত্র ১৪, ছাত্রী ১)


বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১১ জন (ছাত্র ১০, ছাত্রী ১)


ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: ৯ জন (ছাত্র ৭, ছাত্রী ২)


সমাজসেবা সম্পাদক: ১৩ জন (সবাই ছাত্র)


মানবাধিকার ও আইন সম্পাদক: ১১ জন (ছাত্র ৮, ছাত্রী ৩)


স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন (ছাত্র ১২, ছাত্রী ৩)


ছাত্র পরিবহন সম্পাদক: ৯ জন (সবাই ছাত্র)


ক্রীড়া সম্পাদক: ১৩ জন (ছাত্র ১২, ছাত্রী ১)


গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ১১ জন (ছাত্র ৭, ছাত্রী ৪)


কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন (ছাত্র ২, ছাত্রী ৯)


আন্তর্জাতিক সম্পাদক: ১৫ জন (সবাই ছাত্র)


সাহিত্য সম্পাদক: ১৯ জন (ছাত্র ১৭, ছাত্রী ২)


এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মোট ২১৫ জন প্রার্থী রয়েছেন, যাদের মধ্যে ১৯১ জন ছাত্র এবং ২৪ জন ছাত্রী।


নির্বাচনের পরবর্তী সময়সূচি:


মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়: ২৫ আগস্ট দুপুর ১টা


চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ: ২৬ আগস্ট বিকাল ৪টা


ভোটগ্রহণ: ৯ সেপ্টেম্বর


thebgbd.com/NA