কেনিয়ার উপকূলে দুই শিশুহর পাঁচ জনের লাশ উদ্ধার হয়েছে। এদের মৃত্যু ২০২৩ সালে একটি ধর্মীয় গোষ্ঠীর অনুসারীদের অনশনে মৃত্যুর কুখ্যাত ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে আজ শুক্রবার পুলিশ এএফপিকে জানিয়েছে।
নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, কেনিয়ায় এক ধর্মগুরু তার অনুসারীদের আমৃত্যু অনশনের নির্দেশ দিয়েছেন এমন অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশ উপকূলীয় মালিন্দি শহরের কাছে ২০২৩ সালে কবর খুঁড়ে ৪ শতাধিক লাশ উদ্ধার করে। এটি ‘শাকাহোলা ফরেস্ট ম্যাসাকার’ নামে পরিচিত।
এই ঘটনা পুরো দেশের মানুষকে নাড়া দেয় এবং বিশ্বব্যাপী শিরোনামে উঠে আসে। এ ঘটনায় উপকূলীয় শহর মোম্বাসায় স্বঘোষিত যাজক পল ম্যাকেঞ্জির বিচার চলছে। তার বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
কেনিয়ার অপরাধ তদন্ত বিভাগের (ডিসিআই) কর্মকর্তা রবার্ট কিনজে এএফপিকে বলেন, ‘কর্মকর্তারা কিলিফি কাউন্টির চাকামা এলাকার বিনজারো গ্রামের কাছে পাঁচ একর জমিতে শাকাহোলা থেকে উপকূলের দিকে অন্তত ২৭টি স্থান খনন করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা পাঁচ জনের লাশ খুঁজে পেয়েছি। বেশিরভাগ দেহাবশেষই পচা-গলা অবস্থায় পাওয়া গেছে। মনে হয়, লাশগুলো এক বছরেরও বেশি সময় আগের। তবে একজনকে সম্ভবত সাত থেকে আট মাস আগে সমাহিত করা হয়েছে।’
তাদের বয়স পাঁচ থেকে সাত বছরের জানিয়ে রবার্ট বলেন, ‘আমরা যে মরদেহ উদ্ধার করেছি, তার মধ্যে দুই শিশুর মরদেহ রয়েছে।’ এটি শাকাহোলা কাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলেও ধারণা করেন তিনি। তিনি আরও বলেন, ‘১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তিন জনকে ভুক্তভোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে। যে ব্যক্তিদের আমরা আজ আটক করেছি, তারা স্বঘোষিত যাজক পল ম্যাকেঞ্জির অনুসারী।’
সূত্র: এএফপি
এসজেড