ঢাকা | বঙ্গাব্দ

ক্যাটারপিলার থেকে সরলো নরওয়ে

তহবিলটি ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে অর্থায়নের জন্য পাঁচটি ইসরায়েলি সংস্থা থেকেও প্রত্যাহার করেছে।
  • অনলাইন ডেস্ক | ২৬ আগস্ট, ২০২৫
ক্যাটারপিলার থেকে সরলো নরওয়ে ক্যাটারপিলারের বুলডোজার।

নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল সোমবার জানিয়েছে, ইসরায়েল-হামাস যুদ্ধে অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংস্থাটি মার্কিন নির্মাণ সরঞ্জাম সংস্থা ক্যাটারপিলারের কাছ থেকে তাদের তহবিল সরিয়ে ফেলেছে। 


অসলো থেকে এএফপি জানায়, নরওয়ের বিশাল জ্বালানি রাজস্ব দ্বারা পরিচালিত, তহবিলটি বিশ্বের বৃহত্তম, যার মূল্য প্রায় ২ ট্রিলিয়ন ডলার এবং বিশ্বজুড়ে ৮ হাজার ৬০০ টিরও বেশি কোম্পানিতে এর বিনিয়োগ রয়েছে। গত বছরের শেষ নাগাদ ক্যাটারপিলারে এই তহবিলের ১ দশমিক ২ শতাংশ শেয়ার ছিল, যার মূল্য ২৪ দশমিক ৪ বিলিয়ন ক্রোন (২.৪ বিলিয়ন ডলার)।


নরওয়ের কেন্দ্রীয় ব্যাংক তহবিলটি পরিচালনা করে। সংস্থাটি বলেছে, তারা ক্যাটারপিলারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ এটি ‘যুদ্ধ ও সংঘাতের পরিস্থিতিতে ব্যক্তি অধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য একটি অগ্রহণযোগ্য ঝুঁকি’ তৈরি করেছে। তহবিলটি বলেছে, এটি এর নৈতিকতার কাউন্সিলের সুপারিশের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছে।


এক বিবৃতিতে, কাউন্সিল বলেছে, ‘ক্যাটাপিলারের তৈরি বুলডোজারগুলো ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি সম্পত্তির ব্যাপক বেআইনি ধ্বংসে ব্যবহার করছে। কোনও সন্দেহ নেই, ক্যাটারপিলারের পণ্যগুলো আন্তর্জাতিক মানবিক আইনের ব্যাপক ও পদ্ধতিগত লঙ্ঘন করতে ব্যবহৃত হচ্ছে।’ এটি আরও বলেছে, কোম্পানিটি ‘এই ধরনের ব্যবহার প্রতিরোধের জন্য কোনও ব্যবস্থা বাস্তবায়ন করেনি।’


মন্তব্যের জন্য এএফপি ক্যাটারপিলারের সঙ্গে যোগাযোগ করেছে। তবে তারা এ বিষযে এখনও কোনও মন্তব্য করেনি।


তহবিলটি বলেছে, তারা ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে অর্থায়নের জন্য পাঁচটি ইসরায়েলি সংস্থা থেকেও প্রত্যাহার করেছে। এর মধ্যে রয়েছে ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্যাংক অফ ইসরায়েল, এফআইবিআই হোল্ডিংস, ব্যাংক লিউমি লে-ইসরায়েল, মিজরাহি তেফাহোট এবং ব্যাংক হাপোয়ালিম।


এই মাসের শুরুতে, তহবিলটি বলে, গাজায় যুদ্ধের তীব্রতা সত্ত্বেও তারা একটি ইসরায়েলি জেট ইঞ্জিন প্রস্তুতকারকের কাছে বিনিয়োগ করেছে বলে প্রতিবেদন প্রকাশের পর তারা ১১টি ইসরাইলি কোম্পানি বিক্রি করে দিচ্ছে। এই তথ্য প্রকাশের পর প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর এবং অর্থমন্ত্রী ও সাবেক ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গকে পর্যালোচনার জন্য অনুরোধ করেন।


সূত্র: এএফপি


এসজেড