ঢাকা | বঙ্গাব্দ

মালির শিক্ষাবিদের মুক্তি চায় জাতিসংঘ

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর থেকে, মালির সামরিক শাসকরা সমালোচকদের ওপর চাপ বাড়িয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ২৬ আগস্ট, ২০২৫
মালির শিক্ষাবিদের মুক্তি চায় জাতিসংঘ জাতিসংঘ।

জাতিসংঘের বেশ কয়েকজন বিশেষজ্ঞ সোমবার মালির কর্তৃপক্ষকে অ্যাক্টিভিস্ট ক্লেমেন্ট মামাদু ডেম্বেলেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। আদালতের মুক্তির আদেশ সত্ত্বেও ২০২৩ সালের নভেম্বর থেকে কারাগারে রয়েছেন মামাদু। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


মামাদু ডেম্বেলে একজন শিক্ষাবিদ ও দুর্নীতিবিরোধী কর্মী (অ্যাক্টিভিস্ট)। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি অডিও বার্তায় মালির জান্তা প্রধান এবং বর্তমানে প্রেসিডেন্ট জেনারেল আসিমি গোইতাকে মৃত্যুর হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। 


রেকর্ডিংটি যাচাইয়ের দায়িত্বে নিযুক্ত একজন স্বাধীন ফরেনসিক বিশেষজ্ঞ এই সিদ্ধান্তে উপনীত হন, অডিওতে থাকা কণ্ঠস্বর ডেম্বেলের নয়। মালির জাতীয় সাইবার অপরাধ ইউনিটের একজন বিচারক মামলাটি খারিজ করে দেন। কিন্তু প্রসিকিউটররা আপিল করেন। ২০২০ ও ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে মালিতে ক্ষমতা গ্রহণের পর থেকে, পশ্চিম আফ্রিকার দেশটির সামরিক শাসকরা সমালোচকদের ওপর চাপ বাড়িয়েছেন।


জাতিসংঘের বিশেষজ্ঞরা এক বিবৃতিতে বলেছেন, ‘এই মামলাটি মালিতে বিরোধী রাজনৈতিক দল, নাগরিক সমাজ সংগঠন, সাংবাদিক ও মানবাধিকার রক্ষাকারীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ক্রমাগত ধরণকে প্রতিফলিত করে’।


সূত্র: এএফপি


এসজেড