আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই, তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলে এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহম্মাদ ফয়জুল করীম।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কনভেনশন হলে ইসলামী যুব আন্দোলন জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান, সজীব ওয়াজেদ জয় ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে মুফতি ফয়জুল করীম বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই। দুই দলের নেতাদের বক্তব্য একই রকম। বিএনপি এখন আওয়ামীলীগের বাকশালের দিকেই যাচ্ছে।’
দুই দলের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরে তিনি আরও বলেন, ‘আওয়ামীলীগ চাঁদাবাজি, দখলবাজি ও মাদক ব্যবসা করেছে। বিএনপিও একই কাজ করছে। শুধু হাত বদল হয়েছে, চাঁদা বদল হয়নি। তারাও মদ খায়, এরাও মদ খায়। আওয়ামীলীগ মাদক নিয়ে ধরা পড়েছে, বিএনপিও গাঁজা-ইয়াবা নিয়ে ধরা পড়েছে। তবে এখন বিএনপি নিজেদের মধ্যেই খুনাখুনি করছে। আমার জানা মতে বিএনপির নিজেদের মধ্যে খুনের সংখ্যা অন্তত দুই শতাধিক হবে।’
রাজনৈতিক দলের প্রতীকের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামীলীগ ও বিএনপির মার্কাতেই ভেজাল ও ধোঁকাবাজি। যাদের মার্কা নৌকা, তারা নিজেরাই নৌকা চালাতে জানে না। যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না। যারা লাঙ্গল নেয়, তারা লাঙ্গল চালাতে পারে না। যারা কুঠার নেয়, তারা লাকড়ি কাটতে পারে না। যারা গরুর চাকা নেয়, তারা গরুর গাড়ি চালাতে পারে না। সব মার্কাই গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে তারা কেউ গরিব নয়। ওদের মার্কার মধ্যেই ধোঁকাবাজি আছে।’
নিজ দলের প্রতীক হাত পাখার প্রশংসা করে মুফতি ফয়জুল করীম বলেন, ‘হাত পাখা এমন একটি মার্কা, যেটি সবাই চালাতে পারে। ছোট-বড়, পুরুষ-মহিলা, ধনী-গরিব সবারই হাত পাখা প্রয়োজন। এটি সার্বজনীন মার্কা।’
thebgbd.com/NIT