চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।
নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন এ প্রতিষ্ঠান জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এনসিটিতে মোট ৫,০১৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে আমদানি ২,১০১ টিইইউএস এবং রপ্তানি ২,৯১৮ টিইইউএস। এটি বন্দরের ইতিহাসে একক দিনে সর্বোচ্চ হ্যান্ডলিংয়ের রেকর্ড।
চলতি বছরের ৭ জুলাই থেকে সিডিডিএল এনসিটির ২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেশনাল দায়িত্ব নেয়। দায়িত্ব পাওয়ার পর থেকেই টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিংয়ে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাচ্ছে।
সিডিডিএলের কর্মকর্তারা জানান, দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে জাহাজ থেকে কনটেইনার নামানো থেকে শুরু করে ডেলিভারি গেট পর্যন্ত প্রতিটি ধাপে গতি বেড়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, চলতি মাসের ১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত এনসিটির চার বার্থে মোট ১,০৯,২১৭ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে, অর্থাৎ দৈনিক গড় দাঁড়িয়েছে ৩,৯০৩ টিইইউএস—যা আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।
এর আগে ২৬ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, দায়িত্ব নেওয়ার প্রথম ৪৯ দিনে সিডিডিএল মোট ১,৭৪,৯৩১ টিইইউএস হ্যান্ডলিং করে। একই সময়ে আগের অপারেটরের হ্যান্ডলিং ছিল ১,১৯,২৭৬ টিইইউএস। ফলে মাত্র দেড় মাসেই কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৪৭ শতাংশ।
thebgbd.com/NIT