প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনের সময় পুলিশের হাতে বুয়েটের শিক্ষার্থী রাফিদ জামান খান মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তার মুখ চেপে ধরছেন।
রাফিদ, বুয়েটের শেরে বাংলা হলের ইইই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জানান, “পেছন থেকে ডিসি মাসুদ আলম আমার মুখ চেপে ধরে মাটিতে ফেলে দেন। পরে আমাকে বুট দিয়ে লাথি, লাঠি ও হেলমেট দিয়ে আঘাত করা হয়।”
তবে ডিএমপি এক বিবৃতিতে দাবি করেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি এবং বাস্তবতার সাথে মিল নেই। ডিএমপি নিউজেও এ খবর প্রকাশিত হয়।
কিন্তু তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার ও ডিসমিসল্যাব জানায়, ছবিটি এআই দিয়ে বানানো নয়, এটি আসল ছবি। রাফিদও বলেছেন, “ছবিতে যে শিক্ষার্থীকে দেখা যাচ্ছে, সেটি আমি। এটি কোনোভাবেই এআই জেনারেটেড না।”
ঘটনার দিন (বুধবার) ইন্টারকন্টিনেন্টালের সামনে আন্দোলন চলাকালে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। তখন বহু শিক্ষার্থী ছত্রভঙ্গ হন। রাফিদ দাবি করেন, তিনি সড়কে বসে শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও পুলিশের হামলার শিকার হন।
এ ঘটনায় পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পরে শাহবাগে গিয়ে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং তদন্তের আশ্বাস দেন।
thebgbd.com/NIT