চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক খোঁজ নিতে গিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন দলটির আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
এ সময় কিছুক্ষণ অবরুদ্ধ অবস্থায় পড়েন আসিফ নজরুল। পরে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলে তিনি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন। এরপর কেন্দ্রীয় শহিদ মিনারের পাশের একটি গেট দিয়ে হাসপাতাল এলাকা ত্যাগ করেন তিনি।
এর আগে শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানান। তবে একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা মব ভায়োলেন্সে জড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সংঘর্ষে গুরুতর আহত নুরুল হক নুরকে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতা নিয়ে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
thebgbd.com/NIT