গাজা উপত্যকায় অভিযান চালিয়ে এক ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। নিহত ওই জিম্মির নাম ইলান ওয়েইস (৫৬)। এছাড়াও একজনের হাড়গোড় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটিও কোনও জিম্মির হতে পারে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘শুক্রবার গাজা উপত্যকায় অভিযান চালিয়ে নিহত জিম্মি ইলান ওয়েইসের মরদেহ উদ্ধার করেছে আইডিএফ এবং শিন বেট বাহিনী। তার মরদেহের পাশেই আরও একজনের হাড়গোড় উদ্ধার করা হয়েছে, যা অন্য একজন জিম্মির বলে মনে করা হচ্ছে।’ আইডিএফ জানিয়েছে, দ্বিতীয় জিম্মির পরিচয় জানার জন্য হাড়গোড় গুলো আবু কবির ন্যাশনাল ইনস্টিটিউট অব ফরেনসিক মেডিসিনে পাঠানো হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সময় সকালে কিবুৎজ বে'য়েরি থেকে আহত অবস্থায় অপহৃত হন জরুরি প্রতিক্রিয়া দলের সদস্য ৫৬ বছর বয়সী ওয়েইস। সে দিন তার স্ত্রী শিরি এবং মেয়ে নোগাকেও জিম্মি করা হয় এবং পরে ২০২৩ সালের নভেম্বরে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির মাধ্যমে তাদের মুক্তি দেওয়া হয়।
এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং হুঁশিযারি দিয়েছেন, ‘জীবিত এবং মৃত সকল জিম্মিকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে।’ ইসরায়েলি সরকারি পরিসংখ্যান অনুসারে, গাজা উপত্যকায় এখনও ৪৮ জন জিম্মি বন্দী অবস্থায় রয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারনা করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এসজেড