কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলাকারী লাল রঙের টি-শার্ট পরিহিত ব্যক্তির পরিচয় জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন।
আজ শনিবার (৩০ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার নাম-পরিচয় জানান রাশেদ।
পোস্টে গণঅধিকারের সাধারণ সম্পাদক বলেন, ‘লালশার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। তার নাম মিজানুর রহমান। বিপি নং - ৯৭১৭১৯৭২৪৩। সে ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে।’
এর আগে, ওই ব্যক্তির পরিচয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান বলেন, ঘটনার সময় লাল টি-শার্ট পরে গণঅধিকার নেতাদের ওপর হামলা করা ব্যক্তিকে খুঁজছে পুলিশ। খুব দ্রুত তাকে শনাক্ত করতে আমাদের কয়েকটি টিম কাজ করছে।
এর আগে, কাকরাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার সময় লাঠি হাতে পেটাতে দেখা যাওয়া সেই ব্যক্তি ডিবির কেউ নন বলে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, ওই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে ডিবি।
সবশেষ জানা গেছে, বর্তমানে নুরের উন্নত চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ। আজ মেডিকেল বোর্ড নুরের চিকিৎসার বিষয়ে আলোচনায় বসবে।
নুরের ওপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকারও। বিবৃতিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানায়।
কেবল নুরুল হক নুরের ওপরই নয়, এই ধরনের সহিংসতা ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপরেও আঘাত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার।
thebgbd.com/NA