২৪ আগস্ট থেকে ৩০ আগস্ট—মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর মধ্যে তৈরি হওয়া মনোমালিন্যের বরফ যেন গলতে শুরু করেছে। নেপথ্যে আছে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত জিআই পণ্য ছানামুখী।
শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছতুরগ্রাম গ্রামে এক উঠান বৈঠকে অংশ নেন এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,
“আমাদের সঙ্গে রুমিন ফারহানার মনোমালিন্য হয়েছিল। তবে তিনি শুনেছেন আমরা এলাকায় এসেছি, তাই তার লোকজনকে পাঠিয়ে আমাদের খোঁজ নিয়েছেন। আমাদের জন্য ছানামুখীও পাঠিয়েছেন। এটি রাজনীতির জন্য একটি ইতিবাচক বার্তা, যা অবশ্যই স্বাগত জানানো উচিত।”
রুমিন ফারহানার পৈতৃক বাড়ি বিজয়নগর উপজেলার ইসলামপুরে। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি। তবে তার পিএস জাকির হোসেন শুভ জানান, “দলীয় লোকজন এনসিপি নেতাদের খোঁজ নিয়েছেন এবং তাদের জন্য ছানামুখী পাঠানো হয়েছে।”
হাসনাত আব্দুল্লাহ বৈঠকে আরও বলেন, “আমরা ২৪-পরবর্তী বাংলাদেশে কোনো সহিংসতায় ফিরতে চাই না। ভিন্নমত গণতন্ত্রের শক্তি, আর সহিংসতা গণতন্ত্রের শত্রু। কেউ আক্রোশ দেখালে আমরা গণতান্ত্রিকভাবে জবাব দেব, আর ইতিবাচক বার্তা এলে অবশ্যই গ্রহণ করব।”
উল্লেখ্য, গত ২৪ আগস্ট বিজয়নগরের আসন পুনর্বিন্যাস নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে বিএনপি ও এনসিপি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় রুমিন ফারহানা অভিযোগ করেন, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অপরদিকে এনসিপি নেতা আতাউল্লাহ অভিযোগ করেন, রুমিন ও তার লোকজনের আক্রমণের শিকার হয়েছেন তিনি।
ঘটনার পর পাল্টাপাল্টি অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ছড়িয়ে পড়ে। এমনকি রুমিনকে ‘আওয়ামী বিষয়ক সম্পাদক’ বলে কটাক্ষ করেন হাসনাত আব্দুল্লাহ। জবাবে রুমিন ফারহানা তার পুরনো ছবি পোস্ট করে তীব্র মন্তব্য করেন। যদিও পরে তিনি স্বীকার করেন, তার শব্দচয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে তা অনাকাঙ্ক্ষিত ছিল।
thebgbd.com/NA