ঢাকা | বঙ্গাব্দ

ফিরে গেছে ফ্লোটিলা

স্পেনের গণমাধ্যমগুলো জানিয়েছে, যাত্রা পুনরায় শুরুর ব্যাপারে আজ সোমবার আয়োজকরা বৈঠকে বসবেন।
  • অনলাইন ডেস্ক | ০১ সেপ্টেম্বর, ২০২৫
ফিরে গেছে ফ্লোটিলা গ্রেটা থুনবার্গ

ভূমধ্যসাগরে প্রবল বাতাসের কারণে গাজাগামী মানবিক ত্রাণবাহী একটি নৌবহর এবং পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গসহ ফিলিস্তিনিপন্থী শত শত কর্মী বার্সেলোনায় ফিরে যেতে বাধ্য হয়েছে। স্পেনের বার্সেলোনা থেকে বার্তা সংস্থা এএফপি আজ সোমবার আয়োজকদের বরাতে এ খবর জানিয়েছে।


আয়োজক কর্তৃপক্ষ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানায়, ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যেই মানবিক করিডোর খুলতে এবং ফিলিস্তিনি জনগণের ওপর চলমান গণহত্যা বন্ধে চাপ সৃষ্টি করতে রোববার প্রায় ২০টি জাহাজের একটি বহর বার্সেলোনা ছেড়ে যায়। সংস্থাটি আরও জানায়, বৈরী আবহাওয়ার কারণে আমরা জাহাজগুলো বন্দরে ফেরাতে বাধ্য হই। তবে, জাহাজগুলো বন্দরে কখন ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।


ঘণ্টায় ৫৫ কিলোমিটার গতিতে বাতাস বইছিল উল্লেখ করে আয়োজকরা জানান, ছোট নৌকাগুলোর ঝুঁকি বিবেচনায় বিপদ এড়াতে আমাদের যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে। সকল অংশগ্রহণকারীর নিরাপত্তা ও ভালোর দিকটি বিবেচনায় নিয়ে আমাদের মিশনের সাফল্য নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্পেনের গণমাধ্যমগুলো জানিয়েছে, যাত্রা পুনরায় শুরুর ব্যাপারে আজ সোমবার আয়োজকরা বৈঠকে বসবেন।


সূত্র: এএফপি


এসজেড