ঢাকা | বঙ্গাব্দ

ভিয়েতনাম স্বাধীনতার ৮০ বছর পূর্তি

মিছিলের শুরুতে জাতীয় হলুদ-তারকা পতাকা এবং হাতুড়ি-কাস্তে ব্যানার বহনকারী হেলিকপ্টারগুলোর একটি স্কোয়াড্রন উড়ে যায়।
  • অনলাইন ডেস্ক | ০২ সেপ্টেম্বর, ২০২৫
ভিয়েতনাম স্বাধীনতার ৮০ বছর পূর্তি স্বাধীনতা উদযাপনের একটি ব্যানার।

স্বাধীনতা ঘোষণার ৮০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার ভিয়েতনাম তার সর্ববৃহৎ জনসভার আয়োজন করেছে। প্রায় ৪০ হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক ভোরবেলা রাজধানী হ্যানয়ে কুচকাওয়াজের ভেতর দিয়ে ১৯৪৫ সালে কমিউনিস্ট বিপ্লবী হো চি মিন ফরাসি শাসন থেকে ‘গণতান্ত্রিক প্রজাতন্ত্র ভিয়েতনাম’ ঘোষণা করার তারিখ উদযাপন করে। হ্যানয় থেকে এএফপি এ খবর জানায়।


সকালের প্রচণ্ড রোদে লাখ লাখ মানুষের ভিড়ের ওপর  দিয়ে হেলিকপ্টার ও বিমান উড়ে যায়। ৭৮ বছর বয়সী প্রবীণ সৈনিক ফাম থান ভ্যান, মার্কিন সেনাদের সঙ্গে যুদ্ধরত অবস্থায় অর্জিত পদক সম্বলিত তার সামরিক পোশাক পরে সামনের সারির আসন থেকে হো চি মিনের সমাধিসৌধ অবলোকন করেন । 


তিনি এএফপিকে বলেন, ‘এটি হবে আমার শেষ স্মৃতি। আমাদের ভুলে যেও না।’ ফাম থান ভ্যান আরও বলেন, ‘আমি খুবই গর্বিত, স্বাধীনতা দেশে উন্নয়ন ও সমৃদ্ধি এনেছে। আমি মনে করি এটির জন্য লড়াই করা মূল্যবান।’


হ্যানয়ের শীর্ষ নেতা তো লাম কুচকাওয়াজের শুরুতে একটি বক্তৃতা দেন। চীনের তিন নম্বর কর্মকর্তা ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ঝাও লেজি, কম্বোডিয়ার প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী হুন সেন ও কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।


লাম বলেন, ‘এই পবিত্র মুহূর্তে, আমরা শ্রদ্ধার সঙ্গে আমাদের পূর্বপুরুষদের স্মরণ করছি। আমাদের জাতি অসংখ্য অসুবিধা ও চ্যালেঞ্জ অতিক্রম করেছে। আমাদের দেশ একটি উপনিবেশ থেকে একটি স্বাধীন ও ঐক্যবদ্ধ জাতিতে রূপান্তরিত হয়েছে, আধুনিকতা ও গভীর একীকরণের দিকে ক্রমশ এগিয়ে চলেছে।’


প্রায় দুই ঘন্টা চলা এই শোভাযাত্রায় ভিয়েতনামি সেনাদের সঙ্গে চীনা ও রুশ সেনারাও যোগ দেয়। এই মিছিলের শুরুতে রাজধানীর উপর দিয়ে জাতীয় হলুদ-তারকা পতাকা এবং হাতুড়ি-কাস্তে ব্যানার বহনকারী হেলিকপ্টারগুলোর একটি স্কোয়াড্রন উড়ে যায়। নীচে, ঐতিহ্যবাহী পোশাক পরিহিত তরুণরা বিশাল পুষ্পস্তবক অর্পণ করে, কামানের গোলা চালিয়ে আনুষ্ঠানিক শ্রদ্ধা ও অভিবাদন জানায় এবং সাদা পোশাক পরিহিত পুলিশের একটি অনার গার্ড উপস্থিত হয়। ৩৪ বছর বয়সী মুগ্ধ দর্শক ট্রান নগুয়েন ট্রুং চিয়েন বলেন, ‘এটি ভিয়েতনামের শক্তি প্রদর্শন করে। জনগণ তাদের সকলকে স্বাগত জানাচ্ছে, যা ভিয়েতনামের উচ্চ দেশপ্রেমের প্রতিফলন।’


সূত্র: এএফপি


এসজেড