ঢাকা | বঙ্গাব্দ

পুতিন-জিনপিং বৈঠক

চীনের প্রেসিডেন্ট জিনপিং আজ সকালে বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মিলিত হন।
  • অনলাইন ডেস্ক | ০২ সেপ্টেম্বর, ২০২৫
পুতিন-জিনপিং বৈঠক পুতিন ও জিনপিং।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে মঙ্গলবার বেইজিংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক শুরু করেছেন। বেইজিং থেকে এএফপি এ খবর জানায়। 


চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিসিটিভি জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট জিনপিং আজ সকালে বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মিলিত হন। এই দুই নেতা পশ্চিমা সরকারগুলোর সমালোচনা করেন। অন্যদিকে পুতিন সংঘাতের সূত্রপাতের জন্য পশ্চিমাদের দায়ী করে রাশিয়ার ইউক্রেন আক্রমণের সমর্থনে যুক্তি তুলে ধরেন।


পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের নির্দেশ দেওয়ার কয়েক সপ্তাহ আগে মস্কো এবং বেইজিং ‘সীমাহীন অংশীদারিত্ব’ ঘোষণা করেন। তখন থেকে সম্প্রসারিত সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক পশ্চিমাদের অনেকটাই সমস্যায় ফেলেছে। চীন কখনও রাশিয়ার যুদ্ধের নিন্দা করেনি বা তাদের সৈন্য প্রত্যাহারের আহ্বান জানায়নি।


তবে চীন জোর দিয়ে বলেছে, তারা একটি নিরপেক্ষ পক্ষ, নিয়মিতভাবে যুদ্ধ বন্ধের আহ্বান জানায় এবং পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সংঘাত দীর্ঘায়িত করার অভিযোগও করে। গত মাসে তাদের এক ফোনালাপে চীনা নেতা বলেন মস্কো এবং ওয়াশিংটন তাদের সম্পর্কের উন্নতি দেখে তিনি খুশি। 


৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজিদের পরাজয় উদ্‌যাপন অনুষ্ঠানে অংশ নিতে গত মে মাসে শি মস্কো সফর করেন। সফরে শি বলেন, চীন ও রাশিয়া ‘রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করেছে এবং জটিল অশান্তিতে ভরা আন্তর্জাতিক পরিস্থিতিতে মূল্যবান স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি সঞ্চার করেছে।


সূত্র: এএফপি


এসজেড