ঢাকা | বঙ্গাব্দ

দলের সঙ্গে যোগ দিলেন ফাহামেদুল

প্রথমবারের মতো মূল পর্বে খেলার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ সেপ্টেম্বর, ২০২৫
দলের সঙ্গে যোগ দিলেন ফাহামেদুল ফাইল ছবি

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বুধবার (৩ সেপ্টেম্বর) স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।


ম্যাচের আগের দিন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইতালি থেকে দলের সঙ্গে যোগ দেন প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের ম্যানেজার শাহীন হাসান। তবে অনুশীলনের সুযোগ না পাওয়ায় ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচের পরিকল্পনায় তাকে রাখা হয়নি বলে জানিয়েছেন কোচ সাঈদ নওশাদ আল হাসান টিটু। ক্লাব পরিবর্তনের কারণে ফাহামেদুল দলের আগের প্রস্তুতি ম্যাচগুলোতেও অংশ নিতে পারেননি।


প্রথমবারের মতো মূল পর্বে খেলার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। দেশ-বিদেশ মিলিয়ে এক মাসের ক্যাম্প শেষে গত ৩০ আগস্ট ভিয়েতনামে পৌঁছায় তারা। এর আগে বাহরাইনে ১২ দিনের ক্যাম্পে অংশ নিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে দলটি।


বাছাইয়ে বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ ভিয়েতনাম ছাড়াও ইয়েমেন ও সিঙ্গাপুর। আগামী ৬ সেপ্টেম্বর ইয়েমেন এবং ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে লাল-সবুজের তরুণরা।


এবারের বাছাই পর্বে অংশ নিচ্ছে এশিয়ার ৪৪টি দেশ। ১১টি গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ দল জায়গা করে নেবে ২০২৬ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল পর্বে।


thebgbd.com/NIT