ঢাকা | বঙ্গাব্দ

'আমরা রগ দেব, তবুও ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবো'

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানভীর বারী হামিম।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ সেপ্টেম্বর, ২০২৫
'আমরা রগ দেব, তবুও ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবো' ছবি : সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানভীর বারী হামিম।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ক্যাম্পাসে নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকির প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি বলেন, “যদি কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমাদের রগ কেটে নেয়, আমরা রগ দেব; তবুও ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবো।”


তানভীর বারী হামিম অভিযোগ করেন, ইসলামের নামধারী একটি সংগঠনের কর্মী নারী শিক্ষার্থীকে নিয়ে অশালীন মন্তব্য করেছে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সংগ্রামী শিক্ষার্থীরা ৯ সেপ্টেম্বরের ব্যালটে এ ধরনের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রায় দেবে।


ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এই প্রশাসন ডাকসু নির্বাচন বিলম্বিত করতে চাইছে। জাতীয় নির্বাচন ও ডাকসু নির্বাচন বিলম্বিত করতে চাইলে শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখাবে।”


তিনি আরও জানান, ধর্ষণের হুমকিদাতা শিক্ষার্থী আলী হোসেনের বিরুদ্ধে ২৪ ঘণ্টা পার হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। প্রশাসনের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেন, “মাজাভাঙা প্রশাসনকে বলছি, মাজা সোজা করে দাঁড়ান।”


উল্লেখ্য, ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করা ছাত্রীকে সোমবার (১ সেপ্টেম্বর) ফেসবুকে ‘গণধর্ষণের’ হুমকি দেন আলী হোসেন নামে এক শিক্ষার্থী। এই ঘটনায় ক্যাম্পাসে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।


thebgbd.com/NA