ঢাকা | বঙ্গাব্দ

স্বীকৃতি বন্ধ করতে পারবে না ইসরায়েল

ম্যাক্রোঁর এই হস্তক্ষেপ এমন সময় এসেছে, যখন গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল তাদের অভিযান জোরদার করেছে।
  • অনলাইন ডেস্ক | ০৩ সেপ্টেম্বর, ২০২৫
স্বীকৃতি বন্ধ করতে পারবে না ইসরায়েল ইমানুয়েল ম্যাক্রোঁ

গাজায় হামলা চালিয়ে অথবা আরও ভূখণ্ড দখল করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা ইসরাইল থামাতে পারবে না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার এ কথা বলেন। নিউইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করা কয়েকটি দেশের মধ্যে ফ্রান্স অন্যতম। বেলজিয়াম সর্বশেষ পশ্চিমা দেশ হিসেবে এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে। প্যারিস থেকে এএফপি এ খবর জানায়।


সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলার পর ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে বলেন, কোনও সামরিক হামলা, জমি দখল বা মানুষকে জোরপূর্বক উচ্ছেদ তথাকথিত দ্বি-রাষ্ট্র সমাধানের অগ্রগতি থামাতে পারবে না।


এদিকে ফরাসি রাষ্ট্রপ্রধান নিউইয়র্কে অনুষ্ঠেয় বৈঠকে অংশ নিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিদের যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়াকে তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, এ সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। হোস্ট কান্ট্রি অ্যাগ্রিমেন্ট অনুযায়ী ফিলিস্তিনি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানও মার্কিন এই পদক্ষেপের সমালোচনা করেছেন।  


ম্যাক্রোঁর এই হস্তক্ষেপ এমন সময় এসেছে, যখন গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল তাদের অভিযান জোরদার করেছে। এই যুদ্ধের কারণে অবরুদ্ধ ফিলিস্তিনিরা চরম মানবিক সংকটে পড়েছে। এ প্রেক্ষিতে ইসরায়েলের ওপরও ক্রমাগত চাপ বাড়ছে।


সূত্র: এএফপি


এসজেড