ঢাকা | বঙ্গাব্দ

জুলাই-আগস্ট হত্যাযজ্ঞ মামলা: রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের জেরা শুরু

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে এ জেরা শুরু হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ সেপ্টেম্বর, ২০২৫
জুলাই-আগস্ট হত্যাযজ্ঞ মামলা: রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের জেরা শুরু ফাইল ছবি

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জেরা শুরু হয়েছে।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে এ জেরা শুরু হয়। শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র-নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাকে জেরা করছেন।


এর আগে ২ সেপ্টেম্বর জবানবন্দি দেওয়ার পর আংশিক জেরা করা হয় মামুনকে। পরে স্টেট ডিফেন্সের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ সেপ্টেম্বর বাকি জেরার তারিখ ধার্য করে ট্রাইব্যুনাল।


জবানবন্দিতে মামুন জানান, আওয়ামী লীগ শাসনামলে পুলিশে রাজনৈতিক প্রভাব ও গ্রুপিং ছিল। একইসঙ্গে শেখ হাসিনা ও কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা সংঘটিত হয়েছে বলে স্বীকার করে তিনি নিজের দায় নিয়েও ক্ষমা চান।


এ মামলায় এখন পর্যন্ত ৩৬ জন সাক্ষ্য দিয়েছেন। সবাই শেখ হাসিনা, কামালসহ হত্যাযজ্ঞে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।


মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার অভিযোগপত্রে ২ হাজার ১৮ পৃষ্ঠায় তথ্যসূত্র, ৪ হাজার ৫ পৃষ্ঠায় জব্দ তালিকা ও প্রমাণাদি এবং ২ হাজার ৭২৪ পৃষ্ঠায় শহীদদের তালিকা সংযোজন করা হয়েছে। মামলায় মোট সাক্ষী ৮১ জন। গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয়।


https://thebgbd.com/BYB