ঢাকা | বঙ্গাব্দ

থাই বিরোধী দলের প্রার্থী ঘোষণা

নির্মাণ প্রকৌশল জায়েন্টের উত্তরাধিকারী অনুতিন পূর্বে উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
  • অনলাইন ডেস্ক | ০৪ সেপ্টেম্বর, ২০২৫
থাই বিরোধী দলের প্রার্থী ঘোষণা অনুতিন চার্নভিরাকুল

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য বুধবার রক্ষণশীল ধনাঢ্য ব্যবসায়ী অনুতিন চার্নভিরাকুলকে সমর্থন দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল, পিপলস পার্টি। গত সপ্তাহে আদালতের আদেশে বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগের পদক্ষেপ নেওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়। ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


দলীয় প্রধান নাত্থাফং রুয়েংপানিয়েউত সাংবাদিকদের জানান, পিপলস পার্টি তাকে সমর্থন দেওয়ার জন্য রাজি হয়েছে। তাদের ১৪৩ জন আইনপ্রণেতা পার্লামেন্টে তাকে সংখ্যাগরিষ্ঠ সমর্থন দিতে পারেন। তবে তিনি জানান, তাদের সমর্থন শর্তসাপেক্ষে হবে। অর্থাৎ চার মাসের মধ্যে নতুন নির্বাচনের জন্য পার্লামেন্ট বিলুপ্ত করতে হবে, যাতে ক্ষমতা দ্রুত জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যায়।


নির্মাণ প্রকৌশল জায়েন্টের উত্তরাধিকারী অনুতিন পূর্বে উপ-প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২২ সালে তিনি বিনোদনের জন্য গাঁজা আইনসম্মতকরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন।


শুক্রবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রাকে বরখাস্ত করে। তার ফেউ থাই পার্টি এবং অনুতিনের কনজারভেটিভ ভূমজৈথাই পার্টি পূর্বে জোটবদ্ধ ছিল। কিন্তু সীমান্ত বিবাদের কারণে জোট ভেঙে অনুতিনের দল পিপলস পার্টির সমর্থন লাভের চেষ্টা করে।


সূত্র: এএফপি


এসজেড