ঢাকা | বঙ্গাব্দ

মুসলিম উম্মাহর বর্তমান পরিস্থিতি নিয়ে আজহারির ‘গভীর উদ্বেগ’

জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি মুসলিম উম্মাহর বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ সেপ্টেম্বর, ২০২৫
মুসলিম উম্মাহর বর্তমান পরিস্থিতি নিয়ে আজহারির ‘গভীর উদ্বেগ’ ছবি : সংগৃহীত।

জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি মুসলিম উম্মাহর বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।


শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মুসলিম উম্মাহ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সময় পার করছে। নৈতিক অবক্ষয়, শিক্ষা ও সাহিত্যে অনগ্রসরতা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়া, অপসংস্কৃতির আগ্রাসন এবং অর্থনৈতিক অসমতাকে তিনি এই পরিস্থিতির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।


আজহারি বলেন, মতাদর্শিক বিভেদ, ইন্টারনেট-নির্ভর জীবন এবং ভোগবিলাসের অসুস্থ প্রতিযোগিতার কারণে মুসলমানরা তাদের আত্মপরিচয় ভুলতে বসেছে। এর মূল কারণ হিসেবে তিনি নৈতিক শিক্ষার অভাব এবং মহানবী (সা.)-এর জীবনাদর্শ থেকে দূরে সরে যাওয়াকে চিহ্নিত করেছেন।


তিনি বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন—‘রাসূল (সা.) এর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।’ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এ কথা সুবিদিত যে, রাসুল (সা.) শুধু একজন নবী নন, বরং তিনি ছিলেন একাধারে দক্ষ সমাজসেবক, মহান সংস্কারক, সর্বোত্তম স্বামী, আদর্শবান নেতা এবং বিশ্বস্ত বন্ধু। আল্লাহ তাআলা নিজেই রাসুল (সা.) এর চারিত্রিক উৎকৃষ্টতার সাক্ষ্য দিয়েছেন—‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত আছেন।’ [সূরা আল-কলম : ৪]


তিনি আরও বলেন, সুতরাং, রাসূল (সা.) এর জীবনী অধ্যয়ন করে প্রকৃত শিক্ষা অর্জন করতে পারলে খুব সহজেই জাতিকে সার্বিক ক্ষতি ও সামগ্রিক অবক্ষয় থেকে মুক্তি দেওয়া সম্ভব। অতএব, ব্যক্তিজীবনে সিরাতচর্চার পাশাপাশি সমাজের প্রতিটি পরতে সিরাতের দীপ্যমান আলোকবিভা ছড়িয়ে দেওয়ার বিকল্প নেই। সেই লক্ষ্যকে সামনে রেখেই হাসানাহ ফাউন্ডেশনের সিরাত নিয়ে ক্ষুদ্র প্রয়াস—‘সিরাত অলিম্পিয়াড ২০২৫’।


thebgbd.com/NA