দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এবার ব্যতিক্রমী আয়োজন ও বাড়তি প্রস্তুতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচনে ভোটারদের হাতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট পেপার—যা পূর্বের যেকোনো নির্বাচনের চেয়ে বড় পরিসরের।
নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। আর ১৮টি হল সংসদে মোট ২৩৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন। সবমিলিয়ে একজন ভোটারকে ৪১টি ভোট দিতে হবে। ফলে এবারের নির্বাচনে সময় নিয়ে সতর্কভাবে ভোট দেয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
ভোটগ্রহণের সময় ও পদ্ধতি
ভোটগ্রহণ চলবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটাররা অপটিক্যাল মার্ক রিকগনিশন (OMR) শিটে নিজের পছন্দের প্রার্থীর নামের পাশে নির্দিষ্ট ঘরে ক্রস চিহ্ন (✗) দিয়ে ভোট প্রদান করবেন। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য থাকছে ব্রেইল পদ্ধতির ব্যালট।
প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ দিয়ে পরিচয় নিশ্চিত করবেন। অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের জন্য হল আইডি, বিশ্ববিদ্যালয় আইডি কার্ড বা লাইব্রেরি কার্ড গ্রহণযোগ্য হবে। পরিচয় নিশ্চিত করার পর ভোটারের আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে ভোটের অনুমতি দেয়া হবে।
যেভাবে দিতে হবে ভোট
১. ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করতে হবে।
2. পোলিং কর্মকর্তাকে নিজের ভোটার নম্বর জানাতে হবে।
3. ব্যালট গ্রহণ করে যেতে হবে গোপন কক্ষে।
4. ব্যালট পেপারে প্রার্থীর নাম ও নম্বর দেখে, তার পাশের ঘরে স্পষ্টভাবে ✗ চিহ্ন দিতে হবে।
5. ক্রস চিহ্ন যেন ঘরের বাইরে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
6. ব্যালট বাক্সে যথাযথভাবে ব্যালট ফেলে ভোট সম্পন্ন করতে হবে। ব্যালট ভাঁজ করা যাবে না।
এছাড়া ডাকসু এবং হল সংসদের জন্য থাকবে দুটি আলাদা ব্যালট বাক্স। নির্ধারিত বাক্সে ব্যালট না ফেললে ভোট বাতিল হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন নির্বাচন কর্মকর্তারা।
thebgbd.com/NIT