ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু পার্লামেন্টে এমপি’দের আস্থা ভোটে হেরে যাওয়ার পরদিন মঙ্গলবার পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সোমবার বায়রু নিজের আহ্বান করা আস্থা ভোটে শোচনীয়ভাবে হেরে যান। এর ফলে ফ্রান্স নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় এবং ম্যাক্রোঁর কাঁধে তার শাসনামলে সপ্তম প্রধানমন্ত্রী খুঁজে বের করার দায়িত্ব পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাক্রোঁ আগামী কয়েক দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন। নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হলে আগাম নির্বাচনের জল্পনার অবসান ঘটবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বায়রু’র ঘনিষ্ঠ একজন এএফপি’কে জানান, বায়রু পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে উত্তরসূরির নাম ঘোষণা না হওয়া পর্যন্ত বায়রু ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
সূত্র: এএফপি
এসজেড