ঢাকা | বঙ্গাব্দ

অবশেষে নেপাল থেকে দেশে ফিরছেন জামালরা

পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় নেপাল সরকার কারফিউ জারি করে এবং বাংলাদেশ-নেপালের নির্ধারিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বাতিল হয়ে যায়।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ সেপ্টেম্বর, ২০২৫
অবশেষে নেপাল থেকে দেশে ফিরছেন জামালরা ফাইল ছবি


নেপালে রাজনৈতিক অস্থিরতায় কয়েকদিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিশেষ একটি ফ্লাইটে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে দুপুর সাড়ে ১১টার পর তারা ঢাকায় পৌঁছাবেন। একই ফ্লাইটে ফিরছেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও।


বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং সরকারের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই ফুটবলারদের দেশে ফেরার ব্যবস্থা করা সম্ভব হয়েছে।


গত ৯ সেপ্টেম্বর নেপালে ছাত্র ও জনতার আন্দোলনে সরকার পদত্যাগে বাধ্য হওয়ার পর থেকেই দেশজুড়ে অস্থিরতা দেখা দেয়। দুপুরের পর বন্ধ হয়ে যায় সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। ফলে ওইদিনই দেশে ফেরার কথা থাকলেও জামাল ভূঁইয়াদের ফ্লাইট বাতিল হয়ে যায়।


সংকটময় পরিস্থিতিতে খেলোয়াড় ও কর্মকর্তারা কাঠমান্ডুর টিম হোটেলে হোটেলবন্দি হয়ে পড়েন। হোটেলের আশপাশে চলছিল বিক্ষোভ, অগ্নিসংযোগ ও সহিংসতা। নিরাপত্তার কারণে অনুশীলন বাতিল করা হয়, বাইরে বের হওয়াও সম্ভব হয়নি। খেলোয়াড়রা হোটেলের ভেতর জিম ও ইনডোর কার্যক্রমের মাধ্যমেই সময় কাটিয়েছেন।


পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় নেপাল সরকার কারফিউ জারি করে এবং বাংলাদেশ-নেপালের নির্ধারিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বাতিল হয়ে যায়।


বুধবার সন্ধ্যার পর ফ্লাইট চলাচল  স্বাভাবিক হলে বাফুফে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে। বৃহস্পতিবার সকালেই দলটি দেশে ফেরার পথে রওনা দেয়।


বাংলাদেশ দল কাঠমান্ডুতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েছিল। এর মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলেও আন্দোলনের কারণে দ্বিতীয় ম্যাচ আর মাঠে গড়ায়নি।


https://thebgbd.com/BYB