এশিয়া কাপ দুই দিন আগে শুরু হলেও বাংলাদেশের জন্য টুর্নামেন্টটি শুরু হচ্ছে আজ। আবুধাবিতে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে লিটন দাসের দল।
ওপেনিংয়ে দায়িত্বে থাকবেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। চলতি বছরে দুজন মিলে মেরেছেন ৪৫টি ছক্কা, যার মধ্যে তানজিদ এগিয়ে আছেন ২৩ ছক্কা নিয়ে। তিন নম্বরে থাকবেন অধিনায়ক লিটন দাস। দুর্দান্ত ফর্মে থাকা লিটন শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস সিরিজের সেরা খেলোয়াড় ছিলেন। এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানও তার (৪১৭)।
চার নম্বরে সুযোগ পাচ্ছেন তাওহিদ হৃদয়। সাম্প্রতিক সময়ে ছন্দে না থাকলেও সামর্থ্যে তিনি ভরসার নাম। মিডল অর্ডারে থাকবেন বাঁহাতি শামীম হোসেন ও উইকেটকিপার জাকের আলী। অলরাউন্ডার হিসেবে খেলবেন মেহেদী হাসান।
বোলিং বিভাগে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে নামতে পারে বাংলাদেশ। মেহেদীর সঙ্গে স্পিনে থাকবেন রিশাদ হোসেন। পেস আক্রমণে আছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান, যিনি ব্যাট হাতেও কাজে লাগতে পারেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।
thebgbd.com/NIT