জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ব্রেইল ব্যালটের ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা। ভোট দিতে গিয়ে অন্যের সহায়তা নিতে বাধ্য হচ্ছেন তারা। এতে তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগে বাধা তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের নিচতলায় তরিকুল ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের কাছে ব্রেইল ব্যালটের দাবি জানান তারা। পরে নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান এই সুবিধা রাখতে না পারার জন্য দুঃখ প্রকাশ করলেও কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এই শিক্ষার্থী আরও জানান, ‘তার মতো আরও অর্ধশতাধিকের বেশি দৃষ্টিপ্রতিবন্ধী ভোটার আছেন ক্যাম্পাসে। তাদের সবাইকে অন্যের সহায়তায় ভোট দিতে হচ্ছে। কিন্তু বিশ্বস্ত কেউ না থাকলে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া কঠিন হয়ে পড়ছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করে সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা বিশ্বস্ত কাউকে সঙ্গে নিয়ে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এতে কিছুটা সমস্যা হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সদিচ্ছার অভাব এবং প্রস্তুতির ঘাটতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের। তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের আদলে জাকসু নির্বাচনেও ব্রেইল ব্যালট ব্যবস্থা চালু করা গেলে তাদের মতো শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাধীনভাবে ভোট দিতে পারতেন।
thebgbd.com/NA