নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর মাধ্যমে তিনি ছয় মাসের মধ্যে নির্বাচন উত্তরণের নেতৃত্ব দেবেন। কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ৭৩ বছর বয়সী কার্কি প্রেসিডেন্ট রাম চন্দ্র পওডেলের কাছে শপথ গ্রহণের সময় বলেন, ‘আমি, সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হিসেবে আমার কর্তব্য পালনের জন্য দেশ ও জনগণের নামে শপথ গ্রহণ করছি।’
প্রেসিডেন্ট প্রাসাদে কূটনীতিক ও কিছু সাবেক নেতার উপস্থিতিতে আয়োজিত একটি ছোট অনুষ্ঠানের পর, পওডেল কার্কিকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘অভিনন্দন! আমরা আপনার ও দেশের সাফল্য কামনা করি।’ পরে সংসদ ভেঙে দেওয়া হয় এবং ৫ মার্চ, ২০২৬ তারিখে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
লাল শাড়ি পরিহিত কার্কি শপথ গ্রহণ করেন। তবে তিনি আর কোনও বক্তৃতা দেননি। তিনি হেসে বারবার হাত চেপে প্রণাম জানিয়ে শুভেচ্ছা জানান।
জেন জি-এর বিক্ষোভকারী অমৃতা বান বলেন, ‘এটি বিজয়ের মুহূর্ত। অবশেষে ক্ষমতার শূন্যতা কেটেছে।’ যুব বিক্ষোভকারী প্রধান দল হামি নেপাল সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ঐক্যের আহ্বান জানিয়ে পোস্ট করেছেন, ‘আমরা এটা করেছি। যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি সম্মান জানাই।’
সূত্র: এএফপি
এসজেড