বলিউডে তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন মনোজ বাজপেয়ি। কিন্তু তার এই দীর্ঘ পথচলা নিয়ে একেবারেই ভিন্নমত পোষণ করেন তার স্ত্রী শাবানা রাজা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ নিজেই জানালেন, তার স্ত্রী মনে করেন- আজও ইন্ডাস্ট্রিতে তার টিকে থাকা একটি ‘অলৌকিক ঘটনা’।
সম্প্রতি বলিউড বাবল’কে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ি জানান, ‘আমার স্ত্রী একদিন বলেছিল, ‘তুমি এখনও ইন্ডাস্ট্রিতে আছো, এটা এক অলৌকিক ব্যাপার। তুমি এমন সব মানুষকে রাগিয়ে দাও, এমন ছবি করো যেগুলো খুব একটা আলোচিত হয় না। অথচ এখন সবাই তোমাকে একের পর এক চরিত্রে নিচ্ছে। আমি তো ভাবতাম তুমি হারিয়ে যাবে, আর আমাদের অন্য কোথাও গিয়ে থাকতে হবে।’
বিহারের এক ছোট গ্রাম থেকে উঠে আসা মনোজ বাজপেয়ির বলিউড যাত্রা শুরুটা সহজ ছিল না। ন্যাশনাল স্কুল অব ড্রামা’তে একাধিকবার প্রত্যাখ্যাত হওয়ার পর, ১৯৯৮ সালে রাম গোপাল ভার্মার ‘সত্যা’ ছবিতে ভিকু মহানত্রে চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের অবস্থান গড়ে তোলেন তিনি। এই চরিত্রের জন্যই তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
এরপর তিনি অভিনয় করেছেন শূল, গ্যাংস অব ওয়াসিপুর, আলিগড়, সোনচিড়িয়া, সাইলেন্স এবং ফ্যামিলি ম্যানের মতো জনপ্রিয় ও প্রশংসিত প্রজেক্টে। তার ক্যারিয়ার এখনো সমানতালে এগিয়ে চলছে।
মনোজ বাজপেয়ির স্ত্রী শাবানা রাজা ‘নেহা’ নামে বলিউডে পরিচিত ছিলেন। ১৯৯৮ সালে ববি দেওলের বিপরীতে ‘কারিব’ সিনেমার মাধ্যমে অভিষেক করেন। পরে তিনি ফিজা, হোগি প্যায়ার কি জিত, এবং এসাস-এর মতো সিনেমায় অভিনয় করেন।
‘সত্যা’ সিনেমা মুক্তির পর এক পার্টিতে মনোজ ও শাবানার প্রথম দেখা হয়। কয়েক বছর প্রেমের পর, ২০০৬ সালে তারা বিয়ে করেন। বর্তমানে এই দম্পতির একমাত্র কন্যাসন্তান রয়েছে, যার নাম আভা নায়লা।
সূত্র: হিন্দুস্টান টাইমস
thebgbd.com/NA