বগুড়ার ধুনট উপজেলায় প্রেমিকার ঘরে একান্ত সময় কাটিয়ে পালানোর সময় নাজমুল সরকার (৪০) নামে এক ব্যবসায়ীকে ধরে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর ৪টায় প্রেমিকার ঘর থেকে তাকে আটকের পর থানায় দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে রোববার দুপুরে নাজমুল সরকারের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। নাজমুল সরকার উপজেলার চৌকিবাড়ি গ্রামের মমতাজুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ব্যবসায়ী নাজমুল সরকারের সঙ্গে প্রতিবেশী ওই নারীর (২৮) প্রায় ১৩ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এরই মধ্যে নাজমুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এ অবস্থায় বিয়ের কথা বলে ৪ জুলাই ওই নারীকে নিজের বাড়িতে নিয়ে নাজমুল বাড়ি ছেড়ে লাপাত্তা হয়ে যায়। এ সময় মোটা অংকের টাকার বিনিময়ে সমঝোতা মাধ্যমে ওই নারী নাজমুলের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে যায়।
পরবর্তীতে নাজমুল ওই নারীর সঙ্গে ফের প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং শনিবার রাত ১২টায় ওই নারীর ঘরে প্রবেশ করে নাজমুল। এরপর বিয়ের কথা বলে নাজমুল ওই নারীকে ধর্ষণ করে ভোরের দিকে প্রেমিকার ঘর থেকে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নাজমুলকে ধরে থানায় সোপর্দ করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। আসামি নাজমুল সরকারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
thebgbd.com/NIT