ঢাকা | বঙ্গাব্দ

কাতারকে পাশে থাকার আহ্বান রুবিওর

ইসরায়েলি সামরিক পদক্ষেপ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি শিগগিরই চূড়ান্ত করা হবে।
  • অনলাইন ডেস্ক | ১৬ সেপ্টেম্বর, ২০২৫
কাতারকে পাশে থাকার আহ্বান রুবিওর মার্কো রুবিও

ইসরায়েলি হামলার পর মধ্যস্থতাকারী হিসেবে কাতারকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দোহা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আজ কাতার যাচ্ছেন রুবিও। ইসরায়েলের সাম্প্রতিক হামলার এক সপ্তাহ পর গাজার মধ্যস্থতাকারী হিসেবে কাতারকে পাশে থাকার আহ্বান জানাতে যাচ্ছেন তিনি।  যুক্তরাষ্ট্র কাতারকে আশ্বস্ত করতে চায়, তাদের ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে রওনা হওয়ার সময় তিনি একথা বলেন।


ইসরায়েল থেকে কাতারের উদ্দেশে যাত্রার আগে রুবিও বলেন, ‘যুদ্ধবিরতির সম্ভাবনা কম হলেও কাতার অনন্য ভূমিকা রাখতে পারে। আমরা কাতারকে অনুরোধ করব যেন তারা আগের মতোই গঠনমূলক ভূমিকা পালন করে এবং আমরা এজন্য কৃতজ্ঞ। তারা শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করতে পারে। গত সপ্তাহের ঘটনার পর, তারা এই ভূমিকায় থাকতে চায় কি-না, সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু আমরা চাই, তারা জানুক— বিশ্বে যদি কোনো দেশ এই সঙ্কটের শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করতে পারে, তাহলে তা কাতার।’


রুবিও আরও বলেন, ইসরায়েলি সামরিক পদক্ষেপ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি শিগগিরই চূড়ান্ত করা হবে। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘কাতারে আর হামলা চালাবেন না।’ তবে রুবিও ইসরায়েলে এই মন্তব্য করেননি। নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে তিনি কাতার সম্পর্কে মন্তব্যে সতর্ক ছিলেন এবং শুধু বলেন, ‘হামলার পর ভবিষ্যতের দিকে তাকানোই এখন গুরুত্বপূর্ণ।’


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, রুবিও দোহায় ‘ইসরায়েলের হামলার পর কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করবেন।’ পররাষ্ট্র দপ্তর জানায়, রুবিও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করবেন।


দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টার কেন্দ্রে রয়েছে কাতার। যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার সময় হামাস নেতারা একত্রিত হলে ইসরায়েল সেখানে বিমান হামলা চালায়। রুবিও গাজা সিটিতে ইসরায়েলের নতুন অভিযান এবং হামাস নির্মূলের লক্ষ্যের পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, কূটনৈতিক সমাধান এখন অনিশ্চিত।


সূত্র: এএফপি


এসজেড