টানা দুই ম্যাচ হারের পর আবারও জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে লিগে সিয়াটেল সাউন্ডার্সের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় মেসির দল। ম্যাচে মেসি ছাড়াও গোল করেছেন জর্ডি আলবা এবং ইয়ান ফ্রে।
কিছুদিন আগেই লিগ কাপে এই সিয়াটেলের কাছে ৩-০ গোলে হেরেছিল মায়ামি। সেই ম্যাচে মেসি-সুয়ারেজরা কোনো প্রতিরোধই করতে পারেনি। তবে এবার সেই ম্যাচের প্রতিশোধ নিল তারা।
সিয়াটেলের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেই জিতেছে মায়ামি। ম্যাচে বল দখলে সিয়াটেল থেকে মায়ামি কিছুটা এগিয়ে থাকলেও আক্রমণে দুই দলই সমানে সমান ছিল। ম্যাচের প্রথম গোলটা আসে আলবার পা থেকে। ১২তম মিনিটে মাঝ মাঠ থেকে মেসির পাস থেকে গোল করেন সাবেক এই স্প্যানিশ ডিফেন্ডার।
দ্বিতীয় গোলটিও আসে এই জুটি থেকেই। তবে এবারের গোলস্কোরার লিওনেল মেসি। ডি-বক্সের বাঁদিক থেকে আলবার পাস পায়ের ছোঁয়া দিয়ে বল জালে জড়ান মেসি। এই গোল করে ইতিহাসের পাতায় নাম লেখান আর্জেন্টিনার অধিনায়ক। এটি ছিল মেসির ক্যারিয়ারে ৮৮০তম গোল। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।
দ্বিতীয় হাফের সপ্তম মিনিটে আবারও গোল করে মায়ামি। ৫২তম মিনিটে মায়ামির হয়ে গোল করেন ইয়ান ফ্রে। ৬৯তম মিনিটে অবশ্য এক গোল শোধ দেয় সিয়াটেলের ভার্গাস। তবে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে মায়ামি।
২৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে আট নম্বরে ইন্টার মায়ামি। অপরদিকে, ২৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে সিয়াটেল।
thebgbd.com/NIT