স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ মঙ্গলবার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বোমাবর্ষণের শিকার লাখ লাখ ফিলিস্তিনি নাগরিকের ‘অপরিসীম যন্ত্রণা’ নিন্দা জানিয়েছেন। মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মিসর সফরের সময় রাজা ষষ্ঠ ফিলিপ বলেন, ‘এই সংঘাতের ফলে গাজা অসহনীয় মানবিক সংকটে পড়েছে। এতে লাখ লাখ নিরীহ মানুষের ‘অবর্ণনীয় কষ্ট হচ্ছে এবং গাজা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’ আন্তর্জাতিক বিষয় নিয়ে খুব কমই কথা বলা ফিলিপ উল্লেখ করেছেন, তার এই সফর ‘এই অঞ্চলের জন্য একটি অস্থির ও দুঃখজনক সময়ে’ হচ্ছে।
স্পেনীয় সরকার ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ইউরোপে স্পেন ইসরায়েলের অন্যতম কঠোর সমালোচক হয়ে উঠেছে। রোববার, স্থানীয় কর্তৃপক্ষের মতে, ফিলিস্তিনি-সমর্থিত বিক্ষোভের কারণে ভুয়েল্টা সাইক্লিং রেসের চূড়ান্ত পর্ব বাতিল করা হয়েছে। প্রায় এক লাখ মানুষ মাদ্রিদের রাস্তায় নেমে এসে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করে।
সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পরে বিক্ষোভকারীদের ‘ভূয়সী প্রশংসা’ প্রকাশ করেছেন। গাজায় ‘যতক্ষণ ইসরায়েলের বর্বরতা চলতে থাকে’, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলকে ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
২০২৪ সাল থেকে মাদ্রিদে ইসরায়েলের কোনও রাষ্ট্রদূত নেই। গত সপ্তাহে, সানচেজের সরকার ‘গাজায় গণহত্যা’ বন্ধ করার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়ার পর উত্তপ্ত বিতর্কের মধ্যে স্পেন ইসরায়েল থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে।
সূত্র: এএফপি
এসজেড