ঢাকা | বঙ্গাব্দ

সৌদি-পাক প্রতিরক্ষা চুক্তি

চুক্তিতে স্বাক্ষর করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
  • অনলাইন ডেস্ক | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সৌদি-পাক প্রতিরক্ষা চুক্তি শেহবাজ শরীফ ও যুবরাজ সালমান।

পাকিস্তান ও সৌদি আরব বুধবার একটি নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। এতে বলা হয়েছে, কোনো এক দেশের ওপর হামলা হলে সেটি উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। সৌদি আরবের রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


সৌদি আরবের প্রতিবেশী রাষ্ট্র কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল হামলা চালানোর কয়েকদিন পর এই চুক্তিটি স্বাক্ষরিত হলো। উপসাগরীয় দেশগুলোকে চুক্তিটি হতবাক করে দিয়েছে। কারণ দীর্ঘদিন ধরে নিরাপত্তার জন্য দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল।


সৌদি প্রেস এজেন্সি কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার দিকগুলো উন্নত করা এবং যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ জোরদার করার লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে। চুক্তিতে বলা হয়েছে যে উভয় দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন উভয় দেশের ওপরই আগ্রাসন হিসাবে বিবেচিত হবে।


চুক্তিতে স্বাক্ষর করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।


পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। বর্তমানে প্রায় ২৫ লাখ পাকিস্তানি নাগরিক সৌদি আরবে বসবাস ও কর্মরত বলে ধারণা করা হয়। এছাড়া, পাকিস্তানের টালমাটাল অর্থনীতিকে সহায়তা করতে দেশটি দীর্ঘদিন ধরে সৌদি আরবের অর্থনৈতিক সমর্থনের ওপর নির্ভরশীল।


সূত্র: এএফপি


এসজেড