চাঁদপুর পৌর কবরস্থানে জীবিত নবজাতক দাফনের চেষ্টার ঘটনায় শহরের কুমিল্লা রোডে অবস্থিত ‘দ্য ইউনাইটেড হাসপাতাল’-এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সিদ্ধান্ত নেয়।
এর আগের দিন রাতে কবরস্থানে দাফনের সময় নবজাতক নড়েচড়ে ওঠায় স্থানীয়রা বিষয়টি টের পান এবং শিশুটি জীবিত উদ্ধার হয়। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
পুলিশ ইতোমধ্যে হাসপাতালের ওয়ার্ডবয় ফারুক হোসেন গাজীকে গ্রেপ্তার করেছে। স্থানীয়দের অভিযোগ, নবজাতকটি ওই হাসপাতালেই জন্মেছিল এবং প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চলছিল।
অভিযানকালে হাসপাতালের সঠিক পরিবেশ, কাগজপত্র ও নিবন্ধনের নবায়ন না থাকায় কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালের অপারেশন থিয়েটার, প্যাথলজি বিভাগসহ সংশ্লিষ্ট কক্ষ সিলগালা করা হয়। রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছে প্রশাসন।
অভিযানে জেলা স্বাস্থ্য বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবজাতক বর্তমানে চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
thebgbd.com/NA