চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কে রাতের আঁধারে গাছ ফেলে ডাকাতির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি রহনপুরের নজরপুর এলাকায় ঘটে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াদুদ আলম। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ না করায় ভুক্তভোগীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি প্রাইভেট কার রহনপুর-নজরপুর সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝখানে একটি গাছ পড়ে থাকতে দেখে চালক গাড়িটি রিভার্স করেন। ঠিক তখনই রাস্তার পাশে ঘন ঝোপের আড়াল থেকে কয়েকজন মুখোশ পরা ব্যক্তি রামদা হাতে গাড়ির দিকে এগিয়ে আসে। গাড়িচালক তৎক্ষণাৎ রিভার্স গিয়ার দিয়ে দ্রুত পেছনের দিকে চলতে থাকেন। প্রায় ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটি সেখানেই শেষ হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, রহনপুর-আড্ডা সড়কে প্রায়ই এমন ডাকাতির ঘটনা ঘটে থাকে। বিশেষ করে রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত এ সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের ভিডিও ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিছুটা বাড়লেও পরে আবার আগের পরিস্থিতি ফিরে আসে বলে অভিযোগ তাদের।
শাহিন আলম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, রোজার সময় একটি বিয়ের গাড়িতে ডাকাতি হয়েছিল। বরযাত্রীদের গাড়ি থেকে স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাতরা। পুলিশ নিয়মিত টহল না দেওয়ায় এমন ঘটনা বারবার ঘটছে। এই সড়কে একটি পুলিশ বক্স ও চেকপোস্ট স্থাপন করলে পরিস্থিতির উন্নতি হবে।
সিফাত রানা নামে আরেকজন বলেন, রাত ১১টার পর এই সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়। গোমস্তাপুর থানার মাত্র একটি টহল গাড়ি থাকায় একদিকে টহল দিলেও অন্যদিকে ডাকাতির সুযোগ পায় দুর্বৃত্তরা। দ্রুত এই সড়কে একটি চেকপোস্ট কিংবা পুলিশ বক্স স্থাপন করা জরুরি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন, রহনপুরের আড্ডা সড়কে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সিভিল পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। জনগণকে আতঙ্কিত হওয়ার কারণ নেই। পুলিশ বক্স স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।
গোমস্তাপুর থানার ওসি মো. ওয়াদুদ আলম জানান, ভিডিওটি ১৬ সেপ্টেম্বর রাতের। এখনো কেউ থানায় অভিযোগ করেনি। ওই সড়কে আমাদের টিম সাধারণত রাত ২টা পর্যন্ত দায়িত্ব পালন করে। তবে এ ঘটনার পর থেকে ডিউটির সময় বাড়িয়ে ভোর ৫টা পর্যন্ত করা হয়েছে।
এ দিকে ভিডিও ছড়িয়ে পড়ার পর সড়কটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে তারা বলছেন, দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য দ্রুত চেকপোস্ট স্থাপন জরুরি।
thebgbd.com/NA