ঢাকা | বঙ্গাব্দ

আইসিসি কাতার বৈঠক

আমিরাতের প্রধান আলোচক মোহাম্মদ আল-খুলাইফি বুধবার হেগে আইসিসি’র প্রেসিডেন্ট তোমোকো আকানের সঙ্গে দেখা করেছেন।
  • অনলাইন ডেস্ক | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
আইসিসি কাতার বৈঠক কাতার।

ইসরায়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে কাতার। এই লক্ষে আমিরাতের প্রধান আলোচক মোহাম্মদ আল-খুলাইফি আইসিসি প্রধানের সঙ্গে দেখা করেছেন। গত সপ্তাহে কাতারে হামলার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছে কাতার। আজ বৃহস্পতিবার একজন কর্মকর্তা একথা জানিয়েছেন। দোহা থেকে এএফপি এই খবর জানিয়েছে।


কাতারের একজন কর্মকর্তা এএফপি’কে বলেছেন, আমিরাতের প্রধান আলোচক মোহাম্মদ আল-খুলাইফি বুধবার হেগে আইসিসি’র প্রেসিডেন্ট তোমোকো আকানের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেছেন, ‘কাতারের ওপর ইসরায়েলের হামলার জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে আইসিসি প্রতিটি আইনি ও কূটনৈতিক উপায় অবলম্বন করছে।’


কাতার-ভিত্তিক ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের নেতাদের লক্ষ্য করে গত সপ্তাহে চালানো প্রাণঘাতি ইসরায়েলি হামলার ফলে উপসাগরীয় দেশগুলোতে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। কারণ, এসব দেশগুলো দীর্ঘদিন ধরে তাদের নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল।


হামাস জানিয়েছে, ২০১২ সাল থেকে মার্কিন আশীর্বাদে কাতারে আশ্রয় নেওয়া তাদের রাজনৈতিক ব্যুরোর শীর্ষ কর্মকর্তারা হামলায় বেঁচে গেছেন। তবে তারা জানিয়েছে, কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তাসহ পাঁচ সদস্য নিহত হয়েছেন।


নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা ইসরাইলের আক্রমণকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছেন এবং আরো বলেছেন, এটি ‘আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন’।


আইসিসি’র পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে কাতার নিজে আদালতে মামলা দায়ের করতে পারে না। কিন্তু দোহায় জরুরি আলোচনার পর আরব ও ইসলামিক ব্লকগুলো সোমবার তাদের সদস্যদের ‘ইসরাইলকে তার কর্মকাণ্ড অব্যাহত রাখতে বাধা দেওয়ার জন্য সম্ভাব্য সকল আইনি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের’ আহ্বান জানিয়েছে।


আইসিসি প্রধানের সঙ্গে সাক্ষাতের পর এক্সে-এক পোস্টে আল-খুলাইফি বলেছেন, তার এই সফর ‘কাতার রাষ্ট্রের বিরুদ্ধে অবৈধ ইসরাইলি সশস্ত্র আক্রমণের জবাব দেওয়ার জন্য আইনি পথ অনুসন্ধানের দায়িত্বপ্রাপ্ত দলের কাজের অংশ’।


সূত্র: এএফপি


এসজেড