ঢাকা | বঙ্গাব্দ

এক হচ্ছে এনসিপি ও গণঅধিকার পরিষদ?

  • নিজস্ব প্রতিবেদক | ১৯ সেপ্টেম্বর, ২০২৫
এক হচ্ছে এনসিপি ও গণঅধিকার পরিষদ? ফাইল ছবি


রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার সম্ভাবনা। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই দুটি দল এক হলে তা রাজনীতিতে ইতিবাচক বার্তা আনবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতারা। তাঁদের মতে, এতে শুধু কর্মীরা নয়, তরুণ ভোটাররাও আকৃষ্ট হবেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।


এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, তাঁরা আলাদা একটি ব্লক গঠনের চিন্তায় আছেন। তাঁর মতে, তরুণেরা যদি এক প্ল্যাটফর্মে আসে, তবে দেশের মানুষের কাছে এটি বিকল্প রাজনীতির বার্তা দেবে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনও মনে করেন, দুই দল এক হলে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হওয়ার বার্তা পাবে।


এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু বলেন, জনগণ এখন রাজনীতি নিয়ে সচেতন। দুটি দল এক হলে দেশের রাজনৈতিক সমীকরণ নতুনভাবে দাঁড়াবে।


এনসিপি নেতাদের ভাষ্য, একীভূত হওয়ার সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে। শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবার মতামত নেওয়া হবে। কাঠামোগত পরিবর্তন প্রয়োজন হলে তাও গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই হবে।


গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠক হয়নি। তবে কোটা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে বোঝাপড়া ছিল। তিনি জানান, আলোচনা থাকলেও এখনো সবকিছু নিয়ে মন্তব্য করার সময় আসেনি।


গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফও জানান, একীভূত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে তরুণদের মধ্যে ইতিবাচক ধারণা আছে, তাঁরা এক প্ল্যাটফর্মে কাজ করতে আগ্রহী।


thebgbd.com/BYB