ঢাকা | বঙ্গাব্দ

ইতালি যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্ন, লিবিয়ায় গুলিতে নিহত মাদারীপুরের যুবক

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর পরিকল্পনা থাকলেও এর আগেই মাফিয়াদের গুলিতে শেষ হয়ে যায় জীবনের জীবন ও স্বপ্ন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৯ সেপ্টেম্বর, ২০২৫
ইতালি যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্ন, লিবিয়ায় গুলিতে নিহত মাদারীপুরের যুবক ফাইল ছবি


সংসারের সচ্ছলতার আশায় ছয় মাস আগে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের জীবন ঢালী (২২)। লক্ষ্য ছিল ইতালি পাড়ি দিয়ে পরিবারের মুখে হাসি ফোটানো। কিন্তু স্বপ্নপূরণের আগেই লিবিয়ায় মাফিয়াদের গুলিতে মৃত্যু হলো এই যুবকের।


গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় জীবন ঢালী নিহত হন। বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর গ্রামের বাড়ি সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামে পৌঁছালে শোকের মাতম ছড়িয়ে পড়ে। ছেলের মৃত্যুসংবাদে বারবার জ্ঞান হারাচ্ছেন মা-বাবা।


গ্রামের বাসিন্দারা জানান, জীবন প্রথমে স্থানীয় দালালের প্রলোভনে লিবিয়া যান। মাদারীপুর সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের দালাল রাসেল খানের মাধ্যমে ইউরোপে নেওয়ার আশ্বাস দেওয়া হয় তাঁকে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর পরিকল্পনা থাকলেও এর আগেই মাফিয়াদের গুলিতে শেষ হয়ে যায় জীবনের জীবন ও স্বপ্ন।


জীবনের সফরসঙ্গীরা লিবিয়া থেকে ফোনে তাঁর মৃত্যুর খবর পরিবারকে জানান। স্থানীয়রা বলেন, এভাবে দালালদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত অনেক তরুণ প্রাণ হারাচ্ছেন।


এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, “অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।”


thebgbd.com/BYB