ঢাকা | বঙ্গাব্দ

মোবাইলের খোঁজে অভিযান, উদ্ধার ১৪৮ চোরাই সামগ্রী

  • নিজস্ব প্রতিবেদক | ১৯ সেপ্টেম্বর, ২০২৫
মোবাইলের খোঁজে অভিযান, উদ্ধার ১৪৮ চোরাই সামগ্রী ফাইল ছবি

নগরীর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৪৮টি চোরাই মোবাইল ফোন, যার মধ্যে দুটি আইফোনও রয়েছে, এবং দুটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করেছে। এ ঘটনায় একটি সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন পুরাতন রেলস্টেশন এবং চৈতন্যগলি এলাকায় এই অভিযান চালানো হয়। সিএমপির ডিবি (বন্দর) জোনের উপ-কমিশনার আবু বকর সিদ্দিক আজ শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৪ সেপ্টেম্বর চান্দগাঁও থানার বাসিন্দা মো. আকবর হোসেন তার মোবাইল ফোন চুরির বিষয়ে ডিবিতে একটি অভিযোগ করেন। সেই অভিযোগের সূত্র ধরে পুলিশ কোতোয়ালির পুরাতন রেলস্টেশন এলাকার পুরাতন হকার্স মার্কেটে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য মো. সোহেল মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরবর্তীতে চৈতন্যগলির জিন্নাপাড়ায় অভিযান চালিয়ে তার দুই সহযোগী আব্দুল হাকিম রাকিব এবং ইয়াছিনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে আরও ১০০টি মোবাইল ফোন এবং দুটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পূর্বেও মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

thebgbd.com/NIT