ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের প্রতিক্রিয়ায় এবং ভেনিজুয়েরার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই শনিবার দেশটি তার বেসামরিক নাগরিকদের জন্য দিনব্যাপী এক সামরিক প্রশিক্ষণের আয়োজন করেছে। কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ ক্যারিবীয় অঞ্চলে ‘অঘোষিত যুদ্ধ’ চালানোর জন্য ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। কারাকাস মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনিজুয়েলার শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা এবং দেশটির তেল ও অন্যান্য সম্পদ চুরি করার অভিযোগও করেছে।
অস্ত্র পরিচালনা ও অন্যান্য ‘বিপ্লবী প্রতিরোধ’ কৌশল সম্পর্কে মিনি-কোর্সের এই প্রশিক্ষণের লক্ষ্যে একদিনের জন্য কারাকাসের জনাকীর্ণ পেটারে এলাকার প্রধান সড়কটি বন্ধ রাখা হয়। ৩৮ বছর বয়সী অফিস কর্মী লুজবি মন্টেরোলা বলেন, ‘আমার দেশ, আমার জন্মভূমি, আমার জাতি ও ভেনিজুয়েলা আমার কাছে যা সত্যিই গুরুত্বপূর্ণ, তা রক্ষা করার জন্য আমার কী শেখা দরকার, তা শিখতে এখানে এসেছি। কাউকেই ভয় পাই না।’
সূত্র: এএফপি
এসজেড