ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনের অপেক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা

  • নিজস্ব প্রতিবেদক | ২১ সেপ্টেম্বর, ২০২৫
নির্বাচনের অপেক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আমির খসরু।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শুধু বাংলাদেশের ব্যবসায়ীরা নন, বিদেশি বিনিয়োগকারীরাও ‘অপেক্ষা করে আছেন’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচনের জন্য আটকে রয়েছে দেশি-বিদেশি বিনিয়োগ। নির্বাচন হলেই বিনিয়োগ করবেন বিনিয়োগকারীরা।

আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, বিদেশি বিনিয়োগকারীরা সব সিদ্ধান্ত স্থগিত রেখেছেন জাতীয় সংসদ নির্বাচনের জন্য। নির্বাচনের পর বাংলাদেশে বিনিয়োগে তাঁরা উৎসাহী।

বৈঠকে বিএনপির নেতারা ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধার কথা শুনেছেন বলেও জানান তিনি।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণে বিগত সময়ে দেওয়া পরিসংখ্যান ‘প্রশ্নবিদ্ধ’ বলে দাবি করেন বিএনপির এ নেতা।

আমীর খসরু বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ অব্যাহত রাখতে চাইলে এলডিসি তালিকা থেকে উত্তরণ স্থগিত রাখার আলোচনা আজ হয়েছে। এ মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে। এ জন্য সরকারকে জাতিসংঘে একটি চিঠি দেওয়ার জন্য ব্যবসায়ীরা মত দিয়েছেন। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণে তৈরি আছে কি না, সেটা জাতিসংঘের প্রতিনিধিদলের সরেজমিনে দেখার প্রয়োজনীয়তা রয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু, হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী প্রমুখ।


thebgbd.com/NIT