যাত্রী চাহিদা মেটাতে রাজধানীতে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আসছে। আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে ট্রেন চলাচলের সময় পরীক্ষামূলকভাবে এক ঘণ্টা বাড়ানো হচ্ছে।
নতুন ব্যবস্থায় সকালে ট্রেন চলাচল শুরু হবে আধা ঘণ্টা আগে, আর রাতে শেষ ট্রেন ছাড়বে আধা ঘণ্টা দেরিতে। একইসঙ্গে দুই ট্রেনের মধ্যে বিরতি কমিয়ে আনা হবে। ব্যস্ত সময়ে (পিক আওয়ারে) এখন থেকে সোয়া ৪ মিনিট পরপর ট্রেন পাওয়া যাবে। বর্তমানে এই বিরতি সর্বনিম্ন ৬ মিনিট।
নতুন সময়সূচি
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টায়। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৭টায় ও শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে।
নতুন সূচি অনুযায়ী, উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় ও শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “নতুন ব্যবস্থা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হবে। আমরা আশা করছি, পরীক্ষামূলক চলাচল শেষে ডিসেম্বরের মধ্যেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে চালু করা যাবে।”
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশে প্রথম মেট্রোরেল চালু হয়। বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। শিগগিরই কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ শেষ হলে মেট্রোরেলের সক্ষমতা আরও বাড়বে।
thebgbd.com/NA