দক্ষিণ কোরিয়ায় ইউনিফিকেশন চার্চের নেত্রী হান হাক জা-কে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সাবেক ফার্স্ট লেডিকে বিলাসবহুল উপহার প্রদানসহ ঘুষের অভিযোগে মঙ্গলবার জা-কে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। প্রসিকিউটরদের বরাত দিয়ে সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
প্রসিকিউটররা এক বিবৃতিতে জানিয়েছে, জা প্রমাণ নষ্ট করতে পারেন—এমন ঝুঁকি থাকায়, সিউল সেন্ট্রাল জেলা আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ৮২ বছর বয়সী হান হাক জা-কে গত সপ্তাহে প্রাক্তন ফার্স্ট লেডি কিম কেওন হি ও একজন বিশিষ্ট আইনপ্রণেতাকে ঘুষ দেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিনই প্রসিকিউটররা তার গ্রেপ্তার চেয়ে আদালতে আবেদন করেন। পরোয়ানা জারি হওয়ার পর, জা-কে সিউল ডিটেনশন সেন্টারে হেফাজতে নেওয়া হয়েছে।
১৯৫৪ সালে হানের প্রয়াত স্বামী মুন সান-মিয়ং কর্তৃক ইউনিফিকেশন চার্চটি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরেই এটি বিতর্কের বিষয়বস্তু হিসাবে পরিচিত। গির্জাটির নানাবিধ ব্যবসার মধ্যে মিডিয়া, পর্যটন ও খাদ্য বিতরণসহ নানা ধরনের ব্যবসা অন্তর্ভুক্ত রয়েছে।
গ্রেপ্তারের বিষয়ে এক বিবৃতিতে ইউনিফিকেশন চার্চ কর্তৃপক্ষ বলেছে, ‘আমরা আদালতের রায় বিনয়ের সঙ্গে মেনে নিচ্ছি। সত্য উদঘাটনের জন্য তদন্ত ও বিচার প্রক্রিয়ায় আন্তরিকভাবে সহযোগিতা করব এবং আমাদের গির্জার প্রতি বিশ্বাস পুনরুদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এই ঘটনা নিয়ে সকলের উদ্বেগের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।’
সূত্র: এএফপি
এসজেড