ঢাকা | বঙ্গাব্দ

আসিয়ানের ১১তম সদস্য হচ্ছে পূর্ব তিমুর

আসিয়ান ১৯৬৭ সালে পাঁচ সদস্যের একটি ব্লক হিসেবে যাত্রা শুরু করে এবং ধীরে-ধীরে এর সম্প্রসারণ ঘটে।
  • অনলাইন ডেস্ক | ২৩ সেপ্টেম্বর, ২০২৫
আসিয়ানের ১১তম সদস্য হচ্ছে পূর্ব তিমুর পূর্ব তিমুর

আগামী অক্টোবরে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)-এর ১১তম সদস্য হিসেবে যুক্ত হতে যাচ্ছে পূর্ব তিমুর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে সফরকালে এ তথ্য জানান। পূর্ব তিমুরের রাজধানী দিলি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


আসিয়ান প্রধান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, কুয়ালালামপুরে বিশ্ব নেতাদের একটি সভায় আনুষ্ঠানিকভাবে এ সদস্যপদ চূড়ান্ত হবে। পূর্ব তিমুর এ অঞ্চলের সবচেয়ে কনিষ্ঠ স্বাধীন দেশ। ২৪ বছরের দখলদারিত্ব শেষে ২০০২ সালে দেশটি ইন্দোনেশিয়া থেকে  স্বাধীনতা লাভ করে।


পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা’র সঙ্গে বৈঠক শেষে আনোয়ার ইব্রাহিম এক সংবাদ সম্মেলনে বলেন, পূর্ব তিমুর আসিয়ানে যোগ দিলে আমাদের সবার জন্য ব্যাপক সুফল বয়ে আনবে। আমরা অবশ্যই অক্টোবরে আসিয়ানে পূর্ব তিমুরের যোগদান উপলক্ষে বড় একটি উদযাপন করব।


আনোয়ার জানান, দুই নেতা দ্বিপক্ষীয় আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা ও প্রতিরক্ষা নিয়ে আলোচনা করেছেন। তার সফরে পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী জানানা গুসমাও’র সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।


প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা দীর্ঘদিন ধরে আসিয়ানে সদস্যপদ লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে আসছেন এবং ২০১১ সালে প্রথম এ বিষয়ে আবেদন করা হয়।


হোর্তা বলেন, আমাদের আলোচনা ছিল উষ্ণ, গঠনমূলক এবং ভবিষ্যতের দিকে মনোনিবেশ করে। কারণ, আমরা  আসিয়ানে আমাদের ঐতিহাসিক যোগদানের প্রস্তুতি নিচ্ছি। আমরা মালয়েশিয়া এবং আসিয়ানের সব সদস্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ, যাতে আমাদের পূর্ণ সদস্যপদ অর্জনের পথে বাকি সব ধাপ সম্পন্ন করতে পারি।


পূর্ব তিমুর এখনো উচ্চ বৈষম্য, অপুষ্টি ও বেকারত্বের সমস্যায় ভুগছে। দেশটির অর্থনীতি এখনও তেল রিজার্ভের ওপর বেশিরভাগ নির্ভরশীল। চলতি মাসের শুরুতে হাজারো শিক্ষার্থী দেশটির ৬৫ জন সংসদ সদস্যের জন্য টয়োটা প্রাডো কেনা এবং সাবেক এমপিদের জন্য জীবনকাল পেনশন পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করে। বিক্ষোভের পর দেশটির পার্লামেন্টে সর্বসম্মতভাবে নতুন গাড়ি কেনার প্রস্তাব বাতিল হয়। 


আসিয়ান ১৯৬৭ সালে পাঁচ সদস্যের একটি ব্লক হিসেবে যাত্রা শুরু করে এবং ধীরে-ধীরে এর সম্প্রসারণ ঘটে। সর্বশেষ ১৯৯৯ সালে কম্বোডিয়া এতে যোগ দেয়।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, তিনি আগামী মাসে কুয়ালালামপুরে অনুষ্ঠেয় আসিয়ান সম্মেলনে যোগ দেবেন।


সূত্র: এএফপি


এসজেড