ডিজিটাল মাধ্যমে সম্মানহানির অভিযোগে টিকটকার জান্নাতুল ফেরদৌস টুকটুকিকে তিন দিনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এই আদেশ দেন।
টিকটকার জান্নাতুলের বিরুদ্ধে দৈনিক খবরের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক আজিজুর রহমান টুটুল রমনা মডেল থানায় মামলা করেন। তার অভিযোগ—
'খবর মোহাম্মদপুর' নামের একটি ফেসবুক পেজে তার ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ ও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে।
মামলায় আরও উল্লেখ করা হয়, ভুক্তভোগীর কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তার ছবি ব্যবহার করে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইন ও চাঁদাবাজির অভিযোগ এনে রমনা থানায় মামলা দায়ের করেন তিনি।
জানা যায়, আজিজুর রহমান টুটুল সোশ্যাল মিডিয়ায় দেখতে পান খবর মোহাম্মদপুর নামের একটি পেজে তার ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ অসত্য তথ্য প্রচার করছে। তারা তার কাছে দুই লাখ টাকাও চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ছবি ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিলে রমনা থানায় মামলা করেন ভুক্তভুগী।
মামলার প্রেক্ষিতে গত ২৮ আগস্ট মাগুরা মোহাম্মদপুর থানার ৬নং ওয়ার্ড এলাকা থেকে অভিযুক্ত টুকটুকি এবং তার সহযোগী শিমুল মিয়াকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের এসআই মোহসীন সরকার অভিযুক্তের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামির পক্ষে মোহাম্মদ আশিক আল মামুন রিমান্ড বাতিলসহ জামিন চান। উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
thebgbd.com/NA