সম্প্রতি এস্তোনিয়া ও পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় পশ্চিমা সামরিক জোট ন্যাটো মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাশিয়াকে কঠোর সতর্কবার্তা দিয়েছে। ন্যাটো এক জরুরি বৈঠকের পর যৌথ বিবৃতিতে রাশিয়ার এই ধরনের কর্মকাণ্ডকে "দায়িত্বজ্ঞানহীন" এবং "আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি ও প্রাণহানির ঝুঁকিপূর্ণ" বলে নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ন্যাটো ও তার মিত্ররা নিজেদের প্রতিরক্ষা এবং যেকোনো হুমকি প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সামরিক ও বেসামরিক ব্যবস্থা গ্রহণ করবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ন্যাটোর ৩২টি সদস্যদেশ একমত হয়েছে যে, এই ধরনের পদক্ষেপ জোটের পূর্ব সীমান্তের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
গত শুক্রবার রাশিয়ার একাধিক যুদ্ধবিমান প্রায় ১২ মিনিটের জন্য এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করে, যা ন্যাটোর প্রতিষ্ঠাতা চুক্তির ধারা ৪ অনুযায়ী জরুরি পরামর্শ সভার কারণ হয়। এর আগে, ১০ সেপ্টেম্বর ইউক্রেনে হামলার সময় একটি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমা অতিক্রম করলে পোলিশ সেনাবাহিনী তা ভূপাতিত করে।
এই ঘটনার প্রতিক্রিয়ায় ন্যাটো পূর্ব সীমান্তের প্রতিরক্ষা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। পোল্যান্ড, রোমানিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া এবং ফিনল্যান্ডের মতো দেশগুলো সম্প্রতি বারবার আকাশসীমা লঙ্ঘনের শিকার হচ্ছে। ন্যাটো আবারও নিশ্চিত করেছে যে, রাশিয়ার এমন কর্মকাণ্ডের কারণে ইউক্রেনকে সমর্থন করার তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন আসবে না।
thebgbd.com/NA