আসন্ন বিগ ব্যাশ মৌসুমে সিডনি থান্ডারের হয়ে খেলতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের এই অভিজ্ঞ স্পিনার এরই মধ্যে সিডনি থান্ডারের হয়ে খেলতে সম্মতি জানিয়েছেন বলে জানিয়েছে ফক্স নিউজ। এর মধ্যে দিয়ে তিনি বিগ ব্যাশে খেলা প্রথম হাইপ্রোফাইল ভারতীয় ক্রিকেটার হতে যাচ্ছেন। ফ্র্যাঞ্চাইজিটি এই সপ্তাহের শেষেই অশ্বিনের যোগ দেয়ার বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণায় জানাতে পারে।
৩৯ বছর বয়সী অশ্বিন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভারতের এই কিংবদন্তি আইএলটি২০ নিলামেও নাম দিয়েছেন। নিলামে দল পেলে এই টুর্নামেন্টের পুরোটাই খেলবেন তিনি, এরপর মৌসুমের পরবর্তী অংশে থান্ডারে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এবারের আইএলটি২০ শেষ হবে ৪ জানুয়ারি, আর বিগ ব্যাশ ১৪ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ এই মাসের শুরুতে ব্যক্তিগতভাবে অশ্বিনের সঙ্গে যোগাযোগ করেছিলেন তার অংশগ্রহণের সম্ভাবনা খতিয়ে দেখার জন্য। এই পদক্ষেপ আসে গত মাসে অশ্বিনের আইপিএল থেকে অবসরের ঘোষণার পর। এর ফলে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে 'ফ্রি এজেন্ট' হয়ে যান এবং বিদেশি টি২০ লিগে খেলার দরজা তার জন্য খুলে যায়।
বিসিসিআই জাতীয় দলে বা আইপিএলে যুক্ত থাকা ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগে খেলতে দেয় না। তবে জাতীয় দল ও আইপিএল থেকে অবসর নিলে বিদেশি লিগে খেলতে বাধা নেই।
যেহেতু অশ্বিন এবারের বিগ ব্যাশের বিদেশি ড্রাফটে নাম দেননি, তাই ক্রিকেট অস্ট্রেলিয়াকে তাকে বিশেষ ছাড় দিতে হবে। ২০২২ সালে মার্টিন গাপটিলকে মেলবোর্ন রেনেগেডসে যোগ দেওয়ার জন্য দেরিতে অনুমোদন দেওয়া হয়েছিল, এরকম কিছু এবারও হতে পারে।
অশ্বিন গত বছর ডিসেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে তিনি ৫৩৭ উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি। তার ওপরে আছেন কেবল অনিল কুম্বলে (৬১৯)।
আইপিএলে অশ্বিন ২২১ ম্যাচ খেলে ৩০.২২ গড়ে নিয়েছেন ১৮৭ উইকেট। সেরা বোলিং ৪/৩৪। ব্যাট হাতে করেছেন ৮৩৩ রান, সর্বোচ্চ ৫০।
thebgbd.com/NIT